সিলেটে স্ত্রীকে হত্যার ১৭ বছর পর হত্যাকারী স্বামী সিরাজুল ইসলামের (৫০) মৃত্যুদন্ড কার্যকর হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টায় সিলেটের নবনির্মিত কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়। সিলেটের নতুন কারাগারে ফাঁসি কার্যকরের এটিই প্রথম ঘটনা। সিরাজুল ইসলামের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার রাজনগর গ্রামে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন ফাঁসি কার্যকরের তথ্য নিশ্চিত করে জানান, এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, ডিআইজি (প্রিজনস) মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৪ সালের ৭ মার্চ সিরাজুল তার স্ত্রী সাহিদা আক্তারকে শাবল ও ছুরি দিয়ে আঘাত করে খুন করে। এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় হত্যা মামলা হয়। ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আসামি সিরাজুল ইসলামের ফাঁসির আদেশ দেয়।
