‘নবাব এলএলবি’ দিয়ে ১৪ মাস পর খুলছে মধুমিতা

আপডেট : ১৯ জুন ২০২১, ০৩:৪৫ পিএম

শুক্রবার মুক্তি পাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’। আর এ সিনেমা দিয়ে ১৪ মাস পর দর্শকদের জন্য দরজা খুলছে রাজধানীর মধুমিতা সিনেমা হল।

শুক্রবার বিকেলে ফেইসবুক পোস্টে খবরটি জানান পরিচালক মামুন। তিনি লেখেন, “১৪ মাস বন্ধ থাকার পর ‘নবাব এলএলবি’ দিয়ে আবার খুলছে ঢাকার ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা। ২৫ জুন দেখা হবে।”

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন হলটির মালিক ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি বলেন, “প্রায় ১৪ মাস পর আমার সিনেমাহল খুলছে ‘নবাব এলএলবি’ সিনেমা দিয়ে। আগামী কোরবানি ঈদ পর্যন্ত দেখতে চাই কেমন চলছে। না হলে আবার বন্ধ করে দেবো। ভালো কনটেন্ট ছাড়া ব্যবসা করা সম্ভব না।”

মধুমিতা ছাড়াও বেশ কিছু বন্ধ হল খুলছে বলে জানান অনন্য মামুন। তবে কয়েক দিন আগে প্রেক্ষাগৃহ সংকট নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন।

গত ডিসেম্বর আই থিয়েটার অ্যাপে দুই কিস্তিতে মুক্তি পায় ‘নবাব এলএলবি’। এর পর কিছু দৃশ্য নিয়ে পুলিশ অভিযোগ করলে প্রায় এক মাস কারাগারে থাকেন নির্মাতা ও একজন অভিনেতা। সম্প্রতি ৯ মিনিটের দৃশ্য বাদ দিয়ে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

‘নবাব এলএলবি’তে অভিনয় করেছেন শাকিব খান, শহীদুজ্জামান সেলিম, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, রাশেদ মামুন অপু, শাহেদ আলী, সুমন আনোয়ার, সুষমা ও শামীম মৃধা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত