বগুড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই মাস বয়সী নাতিসহ এক দম্পতি নিহত হয়েছেন। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। গতকাল শনিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া সদর উপজেলার হাতিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ার ওই ঘটনা ছাড়াও গতকাল দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের প্রাণ গেছে। এর মধ্যে কুমিল্লার চান্দিনায় একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় চালকের সহকারী, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় এক নারী এবং নাটোরের বড়াইগ্রামে আমবোঝাই ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বিস্তারিত দেশ রূপান্তরের সংশ্লিষ্ট জেলার প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবরে :
বগুড়ার দুর্ঘটনায় নিহতরা হলেন আশরাফ আলী (৫০), তার স্ত্রী পারুল বেগম (৪৫) ও তাদের দুই মাস বয়সী নাতি রেজোয়ান। একই সড়ক দুর্ঘটনায় শিশুটির মা গোলাপ নুর বেগমসহ দুজন আহত হয়েছেন। ফায়ার ব্রিগেড ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা জানান, বগুড়া সদরের বারপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা আশরাফ আলী পরিবারের সদস্যদের নিয়ে বগুড়ার শিবগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তার নাতি রেজোয়ান অসুস্থ হয়ে পড়ে। নাতির চিকিৎসার জন্য আশরাফ আলী পরিবারের সদস্যদের নিয়ে গতকাল সিএনজিচালিত অটোরিকশায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথে সকাল ৮টার দিকে হাতীবান্ধা এলাকায় বিপরীত দিক থেকে আসা আহসান পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আশরাফ আলী দম্পতি মারা যান। স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশু রেজোয়ান মারা যায়। হাইওয়ে পুলিশ অটোরিকশাকে চাপা দেওয়া বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। আহত দু’জন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাজার হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পরে পুলিশের অনুমতিতে নিহত তিনজনের মরদেহ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়।’
কুমিল্লায় এক ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় সহকারী নিহত : কুমিল্লার চান্দিনায় একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। তার নাম মো. ইস্রাফিল (২২)। গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইস্রাফিল সাতক্ষীরা সদরের ভবেরকান্দা এলাকার মশিউর রহমানের ছেলে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত ইস্রাফিলের বাবা ট্রাকচালক মশিউর।
কসবায় ট্রাকচাপায় নারী নিহত : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে রোকেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় ট্রাকে থাকা অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকাশাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোরে ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে বৃদ্ধ নিহত : নাটোরের বড়াইগ্রামে আমবোঝাই ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আবু তালেব (৭০) নামে একজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মাঝগাঁও ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তালেব পাবনার চাটমোহরের হান্ডিয়াল গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে। আহতরা হলেন একই পরিবারের রোকেয়া বেগম (৬৫), রাবেয়া পারভীন (৪২) ও বড়াইগ্রামের ফুলবতী গ্রামের রানা আহমেদ (৩০)।
ঢাকায় গাড়িচাপায় পুলিশ সদস্য ও নারীর মৃত্যু : গত শুক্রবার মধ্যরাতে রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য ও নারী নিহত হয়েছেন। তারা হলেন, কনস্টেবল বশির উদ্দিন তালুকদার ও ফৌজিয়া মাহমুদা। দুজনই বাসচাপায় মারা গেছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, কনস্টেবল বশির উদ্দিন তালুকদার (৪৫) পুলিশের মিরপুর বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনার (এসি) প্যাট্রলের বডিগার্ড ছিলেন। নিহত বশির পটুয়াখালীর দুমকী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন তালুকদারের ছেলে।
শুক্রবার রাতেই গুলশানের শাহজাদপুরের সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের বিপরীত পাশে আসমানী পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন ফৌজিয়া মাহমুদা (৫০)। এ ঘটনায় তার মেয়ে আনিছা আক্তার (১৭) গুরুতর আহত হয়েছে।
গাজীপুরে লরিচাপায় নারীর মৃত্যু : গাজীপুর মহানগরীর টঙ্গীতে লরিচাপায় স্বামীর মোটরসাইকেল আরোহী স্ত্রী শারমিন (৩৯) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক নিহতের স্বামী ইলিয়াস গুরুতর আহত হয়েছেন।
শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার ফেনী জেলার পরশুরাম থানার গুথুমা গ্রামের ইলিয়াস মোর্শেদের স্ত্রী। তিনি গাজীপুর মহানগরীর বাসন এলাকার ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
নারায়ণগঞ্জে নিহত ২ : নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ড ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশা মিশুক মুখোমুখি সংঘর্ষে মিশুকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় মিশুকচালক গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন আফসার উদ্দিন (৫৬) ও আব্বাস উদ্দিন (৪৮)। তারা শহরের টানবাজার সুতার গতিতে লেবারের কাজ করেন।
গতকাল শনিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার মাসদাইর আমেনা গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে সড়ক দুর্ঘটনায় এলাকাবাসী চালক রাসেলসহ (৩৫) কাভার্ড ভ্যান আটক করে পুলিশে সোপর্দ করে।
