খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৬ জন করোনায় ও একজনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে।
রবিবার সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে রেড জোনে ছয়জনের এবং ইয়েলো জোনে একজনের মৃত্যু হয়েছে।
এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫২ জন, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। আর আইসিইউ'তে রয়েছেন ১৮ জন। আজ সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৫৯জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, গতকাল শনিবার রাতে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় ১৬৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে ৬১৯ জনের নমুনা পরীক্ষায় ১৬৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনার ৫০৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
এ ছাড়া বাগেরহাটের ১১ জন, যশোরের ৬ জন, সাতক্ষীরায় ৩ জন, নড়াইলে, গোপালগঞ্জে এবং মেহেরপুরে একজন করে শনাক্ত হয়েছেন।
