দক্ষিণ আফ্রিকার গ্রামে হিরার আশায় ছুটছে মানুষ

আপডেট : ২০ জুন ২০২১, ১২:৪০ পিএম

দক্ষিণ আফ্রিকার একটি গ্রামে রহস্যময় পাথরের সন্ধান মেলার পর সাধারণ মানুষ হিরা পাওয়ার আশায় স্থানটিতে জড়ো হচ্ছেন।

মাটি খুঁড়তে খুঁড়তে কাকতালীয়ভাবে অচেনা পাথর টুকরো হাতে পড়েছিল এক পশুপালকের। পাথরটি কী তিনি জানতেন না। তবে এ রকম পাথর আগে কখনো দেখেননি।

উজ্জ্বল, সাদা, সূর্যের আলো পড়লে যেন জ্যোতি ঠিকরে পড়ছে তার চারপাশ থেকে। ঠিক যেন হিরা।

ওই পশুপালকের এই আবিষ্কারের কথা সামনে আসার পর আর এক কাণ্ড। মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে হুড়মুড়িয়ে লোকজন ছুটছেন সেই জায়গায়।

শ’য়ে শ’য়ে লোকজনের এই হুল্লোড় নিমেষে নজর টেনেছে সারা বিশ্বের।

দক্ষিণ আফ্রিকার খালাথি গ্রামের ঘটনা। ওই গ্রামে একটি বিস্তৃত ফাঁকা মাঠ রয়েছে। সেই মাঠে সচরাচর মানুষের যাতায়াত নেই।

মূলত গৃহপালিত পশুদের চারণক্ষেত্রই হয়ে উঠেছিল ওই এলাকা। সম্প্রতি সেখান থেকেই মাটি খুঁড়ে ওই অচেনা উজ্জ্বল পাথরের খোঁজ মেলে।

এই খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রান্ত থেকে শ’য়ে শ’য়ে লোক ওই পাথরের খোঁজে শহরে আসতে শুরু করেন। সঙ্গে নিয়ে আসেন মাটি খোঁড়ার নানা যন্ত্রও।

তাদের বিশ্বাস ওই এলাকায় মাটির নিচে হিরা লুকিয়ে রয়েছে। কিন্তু মাটি খুঁড়ে কোয়ার্জ ছাড়া আর কিছুর সন্ধান এখনো মেলেনি।

আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি বেকার দক্ষিণ আফ্রিকায়। দেশের বেশির ভাগ পরিবারই দরিদ্র সীমার নিচে।

সে কারণেই এই আবিষ্কারের কথা জানতে পেরে বহু মানুষ ছুটে গিয়েছেন ওই এলাকায়। তাদের অনেকেই নানা রকম দেখতে পাথরও উদ্ধার করেছেন। ওই অঞ্চলে ঘাঁটি ফেলে মাটি খোঁড়ার কাজ শুরু করেছে একাধিক হিরা উত্তোলক সংস্থাও।

দক্ষিণ আফ্রিকা প্রশাসনের পক্ষ থেকে ভূতত্ত্ববিদদের একটি দল পাঠানো হয়েছে সেখানে। যত দ্রুত সম্ভব ওই এলাকা খালি করার কাজ শুরু করেছে প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত