মেয়েদের লিগে সাবিনার গোলের ‘সেঞ্চুরি’

আপডেট : ২০ জুন ২০২১, ০৯:০৫ পিএম

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন নতুন এক মাইলফলক গড়লেন। মেয়েদের লিগে গোলের ‘সেঞ্চুরি’ হলো তার। ২৭ বছর বয়সী তারকা দেশের প্রথম নারী ফুটবলার হিসেবে এই কীর্তি গড়লেন।

রবিবার শুরু হয়েছে মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব। এদিন সদ্য পুষ্করণী যুব স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামে সাবিনার দল বসুন্ধরা কিংস। ৫-০ গোলে জেতা ম্যাচে সাবিনা করেন হ্যাটট্রিক। একটি করে গোল করেন আঁখি খাতুন ও মারিয়া মান্দা।

এদিন মাঠে নামার আগে মেয়েদের লিগে সাবিনার গোল ছিল ৯৮টি। দ্বিতীয় গোলটি পাওয়ার মধ্য দিয়েই গোলের সেঞ্চুরি হয়ে যায় তার। হ্যাটট্রিক হওয়ায় নারী লিগে সব মিলে তার গোল এখন ১০১টি।

অনিয়মিত মেয়েদের এই লিগে মাত্র চার মৌসুমেই গোলের সেঞ্চুরি হলো সাবিনার। ২০১১ সালে ২৫টি, ২০১৩ সালে ২৮টি, ২০২০ সালে ৩৫টি এবং চলতি মৌসুমের লিগে এখন পর্যন্ত ১৩ গোল সাবিনার।

দেশের নারী ফুটবলে আরো অনেক প্রথমের কীর্তি রয়েছে সাবিনার। দেশের প্রথম নারী ফুটবলার হিসেবে তিনি বিদেশের লিগেও খেলেছেন।

সাবিনার এদিনের গড়া কীর্তি উদযাপন করেছে তার দল বসুন্ধরা কিংস। আগে থেকেই তারা তৈরি করে রেখেছিল বিশেষ জার্সি। যে জার্সিতে লেখা, ‘সাবিনা-১০০ গোল’।

ম্যাচের পর শুধু সাবিনা নয়, পুরো মাঠেই সব খেলোয়াড়, কর্মকর্তা, কোচেরাও একে একে পরে নেন নীল রঙের বিশেষ জার্সিটি। বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম যোবায়ের নিপু সাবিনার হাতে তুলে দেন শততম লোগো আঁকা একটি ক্রেস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত