বিহারে হিসাবের বাইরে ৭৫ হাজার মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২১, ০১:৪৬ এএম

চলতি বছরের প্রথম পাঁচ মাসে ভারতের বিহারে যত মানুষের মৃত্যু হয়েছে বলে সরকারি হিসাবে জানানো হয়েছে, প্রকৃতপক্ষে এই সংখ্যা তার চেয়ে ১০ গুণ বেশি। করোনায় মৃত্যু সংক্রান্ত তথ্য লুকনোর অভিযোগ উঠেছে বিহার সরকারের বিরুদ্ধে। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বিপর্যস্ত গোটা দেশ, সে সময় জানুয়ারি থেকে মে মাসের মধ্যে রাজ্যে ৭ হাজার ৭১৭ জন করোনা সংক্রমণে মারা গেছেন বলে দাবি করেছিল বিহার সরকার। কিন্তু ‘সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম’-এ নথিবদ্ধ হিসাব অনুযায়ী, ওই সময়ে বিহারে প্রায় ৭৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের মৃত্যুর কোনো কারণ উল্লেখ নেই।

কভিড হানা দেওয়ার আগে ২০১৯ সালের প্রথম পাঁচ মাসের হিসাব অনুযায়ী, বিহারে ১ লাখ ৩০ হাজার মানুষ মারা গিয়েছিলেন। ২০২১ সালে তা প্রায় দ্বিগুণ বেড়ে হয় ২ লাখ ২০ হাজার। অর্থাৎ এক বছরেই ব্যবধান ৮২ হাজার ৯৫১। এর মধ্যে ৬২ শতাংশের মৃত্যু হয় শুধু মে মাসেই। অথচ কী কারণে তাদের মৃত্যু হয়েছে, কোন রোগে আক্রান্ত হয়েছিলেন, তার কোনো হিসাব নেই ‘সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম’-এর কাছে।

সে কারণেই রাজ্য সরকারের কভিড পরিসংখ্যান নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ চলতি বছরের প্রথম পাঁচ মাসে ৭ হাজার ৭১৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তারা। ফলে এই পরিসংখ্যান নিয়ে প্রশ্নের মুখে বিহার সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত