মসজিদের ভেতর স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ জুন ২০২১, ০২:০৯ এএম

মাগুরার মহম্মদপুরে মসজিদের ভেতর এক স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা করেছে তার ‘প্রতিপক্ষের’ লোকজন। ওই শিক্ষকের নাম মোহাম্মদ আলাউদ্দিন ওরফে পাখি মাস্টার (৫৫)। গত শনিবার রাত ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকেলে উপজেলার পলাশবাড়িয়া গ্রামের উত্তর-পূর্বপাড়া মসজিদে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের দাবি, পুকুরপাড়ে মাটি ভরাট নিয়ে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে আলাউদ্দিনের বিরোধিতা চলে আসছিল। এর জের ধরেই মসজিদে একা পেয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ওই ব্যক্তি ও তার লোকজন।

নিহত আলাউদ্দিন পলাশবাড়িয়া গ্রামের প্রয়াত আবদুল হক মোল্যার ছেলে। তিনি পলাশবাড়িয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন আগে বাড়ির সামনে মাটি দিয়ে পুকুরের পাড় উঁচু করেছিলেন আলাউদ্দিন। পুকুরটির উত্তর পাশে প্রতিবেশী বাঁশি মোল্যার বাড়ি। পুকুরের পাড় মাটি দিয়ে উঁচু করায় বাঁশি মোল্যার বাড়িতে জমে থাকা বৃষ্টির পানি সরে যেতে পারছিল না। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলাউদ্দিনের সঙ্গে বাঁশি মোল্যার বিরোধ চলে আসছিল। এর জেরে গত শনিবার বিকেলে আলাউদ্দিন আসরের নামাজ আদায় করতে বাড়ির পাশে মসজিদে যান। মসজিদে একা নামাজ আদায় করতে এসেছে জানতে পেরে বাঁশি মোল্যাসহ তার লোকজন মসজিদে ঢুকে নামাজে দাঁড়ানোর মুহূর্তে আলাউদ্দিনকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে আঘাত করে। এ সময় আলাউদ্দিনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টার দিকে তিনি মারা যান।

আলাউদ্দিনের ছেলে রুবেল জানান, তার বাবার সঙ্গে একই গ্রামের বাঁশি মোল্যার নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার সময় বাবাকে মসজিদে একা পেয়ে বাঁশি মোল্যা তার লোকজনকে নিয়ে হামলা চালায় ও কুপিয়ে হত্যা করে।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত