বনানী ক্লাবেও ভাঙচুরের অভিযোগ পরীমণির বিরুদ্ধে

আপডেট : ২২ জুন ২০২১, ০২:২১ এএম

অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে আরও একটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে। রাজধানীর বনানী ক্লাবে ছয় মাস আগে ওই ঘটনা ঘটে বলে অভিযোগ। এ বিষয়ে গতকাল ক্লাবটির প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম ও পুলিশকে জানিয়েছেন। তাছাড়া পরীমণিকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার হওয়া তুহিন সিদ্দিকী অমির আরও ছয় সহযোগীকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

এদিকে ঢাকা বোট ক্লাবে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি নাসির ও অমির সাত দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ। টানা সাত দিন জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে  বলে জানিয়েছে ডিবির একটি সূত্র। দক্ষিণখান থানায় করা মানব পাচার মামলায় অমির বডিগার্ড জাকিরকে আটক করেছে পুলিশের একটি দল। অন্যদিকে অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগে জিডি হওয়ার পর থেকে চুপ মেরে যান পরীমণি। মিডিয়ার সঙ্গে কথা বলা থেকে বিরত রয়েছেন । তার মোবাইলও বন্ধ রয়েছে।

বনানী ক্লাবের ঘটনা সম্পর্কে জানা যায়, পরীমণি অন্য এক তারকা দম্পতির অনুষ্ঠানে গিয়ে এমনটা ঘটান। বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ গতকাল গণমাধ্যমকে বলেন, পরীমণি বনানী ক্লাবের সদস্য নন। মাস ছয়েক আগে একটি অনুষ্ঠানে সামান্য ঘটনার জের ধরে ভাঙচুর চালিয়েছেন। তবে সেটি ক্লাবের নিজস্ব অনুষ্ঠান ছিল না। ক্লাবের স্টাফরা বিষয়টি আগে থেকেই জানত। ঘটনাটি ক্লাবের রেজিস্টার খাতায়ও লিখে রাখা হয়েছে। পরীমণির ঘটনা এবার সামনে আসার পর এখন ক্লাবের স্টাফরা বিষয়টি আমাদের জানায়।

এ বিষয়ে পুলিশের গুলশান ডিভিশনের উপপুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, বনানী ও গুলশান অল কমিউনিটি ক্লাবের বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে ক্লাব কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

বনানী ক্লাবের ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা বলেন, সেই রাতে পরীমণি কোনো ধরনের অনুমতি ছাড়াই সেখানে প্রবেশ করেন কজন সঙ্গীসহ। গেটে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। এরপর ভেতরে ঢুকেই তিনি তেলেবেগুনে জ্বলে ওঠেন। কেন তাকে গেটে নিরাপত্তাকর্মীদের জেরার মুখে পড়তে হয়েছে সেটা তিনি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। এতে অপমানিত বোধ করেই তিনি উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকেন এবং একপর্যায়ে হাতের কাছে থাকা গ্লাস ও টেবিল ভাঙচুর করেন। এর আগে ৮ জুন গুলশানে অল কমিউনিটি ক্লাবে পরীমণি ভাঙচুর করেন বলে অভিযোগ করেন ক্লাবটির সভাপতি আলমগীর ইকবাল। ৯৯৯-এর ফোন পেয়ে পুলিশ ওই রাতে ঘটনাস্থলে গেলেও তা চাউর হয় নয় দিন পর।

পুলিশের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, মামলার আসামি নাসির ও অমির সাত দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ মঙ্গলবার। রিমান্ডের জিজ্ঞাসাবাদে আসামি নাসির পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার সব অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গেছে। তবে অন্য আসামি অমি মানব পাচারের অভিযোগ অস্বীকার করতে পারেননি। ডিবির জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে একজন প্রতিষ্ঠিত জনশক্তি রপ্তানিকারক দাবি করে মালয়েশিয়া ও দুবাইয়ে নিজের ফ্ল্যাট থাকার কথা জানিয়েছেন।

গত সপ্তাহে নিজের ফেইসবুক পেজে স্ট্যাটাস দিয়ে পরীমণি জানান, ঢাকা বোট ক্লাবে তাকে হত্যা ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে। থানা পুলিশ মামলা না নেওয়ায় ফেইসবুকে মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে বনানীর বাসায় সাংবাদিকদের কাছে ঘটনায় অভিযুক্ত হিসেবে নাসির ইউ মাহমুদ ও অমিসহ অচেনা কয়েকজনের কথা উল্লেখ করেন। এ ঘটনায় সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। মামলায় উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নাসির আহমেদ ও অমিসহ ছয়জনকে আসামি করেন।

সিআইডির এক কর্মকর্তা গতকাল দেশ রূপান্তরকে বলেন, রবিবার সারা রাত ও গতকাল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অমির ছয় সহযোগীকে আটক করা হয়েছে। তবে তাদের নাম বা পরিচয় এখনই বলা যাবে না। আগামীকাল (আজ) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত