লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আশিংক) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন। গতকাল সোমবার রাত ৮টার দিকে রিটার্নিং অফিসার ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কর্মকর্তা জানান, নৌকা প্রতীক নিয়ে নুরউদ্দিন চৌধুরী নয়ন পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৮৬ ভোট। আসনটিতে মোট ভোটার ছিলেন ৪ লাখ ২ হাজার ৯৬৩ জন। এদিন মোট ১৩৬টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ইভিএমের মাধ্যমে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।
প্রসঙ্গত, কুয়েতে মানব ও অর্থ পাচারের দায়ে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের চার বছরের কারাদ- হওয়ায় চলতি বছরের ২২ ফেব্রুয়ারি আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়। এরই পরিপ্রেক্ষিতে আসনটিতে গতকাল উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
