দেশের আট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
ঢাকায় বুধবার সূর্যাস্ত সন্ধ্যায় ৬টা ৪৯ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৩ মিনিটে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায় ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন নিকলীতে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে চাঁদপুরে ৩৫ মিলিমিটার, হাতিয়ায় ১৪ মিলিমিটার, টেকনাফে ১১ মিলিমিটার, তেঁতুলিয়ায় ২১ মিলিমিটার, চুয়াডাঙ্গায় ২৬ মিলিমিটার, গোপালগঞ্জে ১৭ মিলিমিটার ও খেপুপাড়ায় ৮ মিলিমিটার।
