এক যুগ পর সাউন্ডটেকের জন্য আসিফ-ইথুন বাবু

আপডেট : ২৩ জুন ২০২১, ০৩:৪৬ পিএম

সাউন্ডটেকের ব্যানারে ২০০১ সালে প্রকাশ হওয়া ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামটি বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রিতে মাইলফলক হয়ে আছে। যার কথা, সুর ও সংগীত ছিল ইথুন বাবুর। এ অ্যালবাম দিয়ে গায়ক আসিফ আকবরের উত্থান, এখনো তিনি ভীষণ হিট গায়ক।

মাঝে মনোমালিন্যের কারণে দূরে ছিল আসিফ-ইথুন বাবু জুটি। এরপর ২০১৯ সালে অভিমান ভাঙে তাদের। ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পায় এই জুটির গান ‘চুপচাপ কষ্টগুলো’। তবে বাকি ছিল একসঙ্গে সাউন্ডটেকে ফেরা। এবার সেটাও হলো।

১২ বছর পর তারা সাউন্ডটেকের জন্য করেছেন ‌‌‘একা’ শিরোনামের গান। ইতিমধ্যে ইথুন বাবুর কথা, সুর ও সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন আসিফ।

‘একা’ প্রসঙ্গে আসিফ বলেন, “এই ফেরা নিয়ে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হয়নি। নিজ ঘরে ফিরেছি আমি। আলহামদুলিল্লাহ। সাউন্ডটেক আমাদের ভালোবাসার নাম ও স্থান।”

অন্যদিকে ইথুন বাবু বলেন, “সাউন্ডটেক আমার ঘর। ঘরে ফেরার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। ধন্যবাদ সুলতান মাহমুদ বাবুল ভাইকে।”

সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল জানান, ঈদুল আজহা উপলক্ষে নতুন গানটি প্রকাশ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত