‘ফিশিং লিংক’ ব্যবহার করে ফেইসবুক আইডি হ্যাক

আপডেট : ২৩ জুন ২০২১, ১১:৫৩ পিএম

‘ফিশিং লিংক’ ব্যবহার করে ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. মামুন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গত সোমবার গভীর রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

হাফিজ আক্তার বলেন, ‘ফিশিং লিংকে ভিকটিমরা ক্লিক করলে ফেইসবুক ইন্টারফেস আসে। তখন ভিকটিমরা ওই লিংকে প্রবেশ করার জন্য তাদের আইডি এবং পাসওয়ার্ড দিলে মামুনের কাছে ওই ফেইসবুক অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড চলে যায়। পরবর্তী সময় সে ওই আইডি-পাসওয়ার্ড দিয়ে ফেইসবুকে প্রবেশ করে এবং ভিকটিমের ফেইসবুক আইডি পাসওয়ার্ড পরিবর্তন করে। এরপর সে নিজেই ওই ফেইসবুক আইডি থেকে তার নিকটাত্মীয়ের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা আদায় করে নেয়। এ ছাড়া ভিকটিমের কাছে মোটা অংকের টাকা দাবি করে। গ্রেপ্তারকৃত মামুন টাকার বিনিময়ে ভিকটিমদের ফেইসবুক অ্যাকাউন্ট ফেরত দিত। অন্যথায় ফেইসবুক অ্যাকাউন্ট তার দখলে রাখত।’

এ সময় ফেইসবুক আইডি হ্যাক প্রতিরোধে সাতটি নির্দেশনার কথা জানান ডিবির ওই কর্মকর্তা। তিনি জানান, যাচাই না করে কোনো ধরনের ইউআরএল লিংক ক্লিক না করা, কোনো ইউআরএল লিংকে ক্লিক করার পর কোনো ফেইসবুক পেজে বা অন্য কোথাও রিডাইরেক্ট হলে লগইনের জন্য ফেইসবুক আইডি পাসওয়ার্ড প্রদান না করা,

ফেইসবুক আইডিতে টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সঙ্গে একটি ই-মেইল অ্যাড্রেস যোগ করা, অথোরাইজড লগিং অপশন চেক করা, ফেইসবুক আইডি বা মেসেঞ্জারে একান্ত ব্যক্তিগত তথ্য-ছবি-ভিডিও কথোপকথন না রাখা, মোবাইলে আসা নোটিফিকেশনে ইয়েস (হ্যাঁ) নো (না) ক্লিক করার আগে ভালোভাবে পড়ে নেওয়া ও ফেইসবুকে তিন থেকে পাঁচ জন ট্রাস্টেড কনটাক্ট যোগ করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত