জাতীয় প্রেস ক্লাবে সেলিম

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে

আপডেট : ২৩ জুন ২০২১, ১১:৫৬ পিএম

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত আগামী সাত দিনের মধ্যে প্রত্যাহার না হলে শ্রমিকরা সব বন্ধ করে দেবে বলে আলটিমেটাম দিয়েছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ‘রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া না হলে সরকারকেও আমরা চলতে দেব না।’ গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সমাবেশে সেলিম এ কথা বলেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, স্বাধীনতার (যুদ্ধের) সময় ‘কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না’ এই স্লোগান দিতাম। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের একই স্লোগান দিতে হয়। ৫০ বছরেও আমরা স্বাধীনতার প্রকৃত রূপ দেখতে পাইনি। সরকার গরিব মানুষের কথা না ভেবে শুধু গুলশান-বনানীর মানুষের কথা ভাবে।’

তিনি আরও বলেন, ‘দেশের সাধারণ মানুষের মুখে অন্নের জোগান দিতে সরকার ব্যর্থ। রিকশাচালকরা নিজ উদ্যোগে জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছে। সরকার আজ তাদের রুটি-রুজির অধিকার কেড়ে নিয়ে সর্বস্বান্ত করে পথে বসাচ্ছে। মানুষ একবিংশ শতাব্দীতে এসে পশুর মতো শ্রম দিতে পারে না। সরকার প্রয়োজনে ব্যাটারিচালিত রিকশার প্রয়োজনীয় আধুনিকায়ন ও পরিবর্তন করে লাইসেন্স দিতে পারে। অবিলম্বে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের সিদ্ধান্ত এবং রিকশাচালকদের ওপর চলমান জুলুম প্রত্যাহার করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত