ডিপিএল শিরোপা দৌড়ে তিন দল

আপডেট : ২৪ জুন ২০২১, ১২:৪৭ এএম

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের শিরোপা লড়াই তীব্র হয়েছে আরও। সুপার লিগে প্রথম ম্যাচ হারের পর টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে প্রাইম ব্যাংক। ১৪ ম্যাচের ১১টি জিতে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। ২০ পয়েন্ট নিয়ে গত রাতে প্রাইম দোলেশ্বের সঙ্গে ১৪তম ম্যাচ খেলতে নেমেছিল আবাহনী। শিরোপা দৌড়ের আরেক দল দোলেশ্বরকে ১৩৫ রানে আটকে দিয়ে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া পর্যন্ত ৫ ওভারে ৩৬ রান তুলেছিল তারা। বৃষ্টি আইনে তাদের নতুন টার্গেট দাঁড়ায় ১৩ ওভারে ৯১। গতকাল সকালের ম্যাচে মোহামেডানকে সুপার লিগে টানা তৃতীয় পরাজয়ের হতাশায় ডুবিয়ে শেখ জামাল ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

গতকাল তিনটি ম্যাচই হয়েছে লো স্কোরিং। জাতীয় দলের পেসার এবাদত হোসেনের দারুণ বোলিংয়ে (৩/১৭) মোহামেডানকে ১৩৩ রানে আটকে দেয় শেখ জামাল। ৪২ বলে ৩৮ রান করা আশরাফুল ইমরুল কায়েস পরে সোহানকে সঙ্গে নিয়ে ৮৪ পর্যন্ত নিয়ে যান দলকে। পরে তানভীর হায়দারকে নিয়ে অধিনায়ক সোহান ৬ বল বাকি থাকতে জয় এনে দেন। আজ আবাহনীর সঙ্গে খেলা নুরুল হাসান সোহানের দল শেখ জামালের। ২৬ জুন শেষ ম্যাচ খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে।  পরের ম্যাচে গাজী গ্রুপকে মাত্র ১২৫ রানে আটকে দেন অভিজ্ঞ অলোক কাপালি। ৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট নেন তিনি। তবে সহজ টার্গেটটাকে কঠিন করে তুলেছিল প্রাইম ব্যাংক। শেখ মাহেদী ও নাসুম আহমেদের সঙ্গে যোগ দিয়ে টেস্ট অধিনায়ক মুমিনুলও ২ উইকেট তুলে নিলে ১৯তম ওভারে প্রাইম ব্যাংকের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১১৩। রুবেল হোসেনকে সঙ্গে করে কাপালি তার অভিজ্ঞতায় বের করে নেন ম্যাচটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত