এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) আর্থিক সহায়তায় কভিড আক্রান্ত কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে প্রতিষ্ঠানগুলোকে স্বল্প সুদে ঋণ দিতে ব্যাংকগুলোকে ২ হাজার ৫২০ কোটি টাকার পুনঃঅর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক।
গতকাল বুধবার এ সংক্রান্ত সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ।
সার্কুলারে বলা হয়, অতিরিক্ত এই পুনঃঅর্থায়ন তহবিলের জন্য গত ২৬ ফেব্রুয়ারি এআইআইবি ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি হয়। এই তহবিলের নাম দেওয়া হয়েছে কভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রোজেক্ট (সিইসিআরএফপি)।
করোনা মহামারী দেখা দেওয়ার পর গত বছরের এপ্রিলে সিএমএসএমই খাতের জন্য ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। ওই তহবিল বিতরণে ব্যাংকগুলোকে সহায়তা করতে ১০ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল জোগান দেয় বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের ৭০ শতাংশের বেশি ইতিমধ্যে বিতরণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন এসএমই বিভাগের কর্মকর্তারা।
অতিরিক্ত আড়াই হাজার কোটি টাকার তহবিল থেকে ব্যাংকগুলোকে ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন করবে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার হবে সর্বোচ্চ ৯ শতাংশ। এর মধ্যে ৪ দশমিক ৫ শতাংশ সুদ গ্রাহক দেবে। বাকি ৪ দশমিক ৫ শতাংশ সুদ সরকার ভর্তুকি দেবে। তহবিলের মেয়াদ তিন বছর।
এ ক্ষেত্রে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা সিএমএসএমই ঋণের ৫০ শতাংশ এই তহবিল থেকে পুনঃঅর্থায়ন করবে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া এই পুনঃঅর্থায়ন সুবিধা পেতে আগের প্রণোদনা প্যাকেজের মতো প্রায় একই ধরনের শর্ত পালন করতে হবে।
