বীমা খাতের কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে পুঁজিবাজার থেকে ১৯ কোটি ৩৬ লাখ টাকা সংগ্রহ করবে। গত বছর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ঘোষণার পর এটি পঞ্চম ইন্স্যুরেন্স কোম্পানি, যেটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে। এর আগে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার চাঁদা গ্রহণের পর আইপিও আবেদনকারীদের মধ্যে শেয়ার বণ্টন করা হয়।
ইউনিয়ন ইন্স্যুরেন্স ১০ টাকা অভিহিত মূল্যে পুঁজিবাজারে ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৯০৪টি শেয়ার ছেড়ে ১৯ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৪০ টাকা সংগ্রহ করবে। সংগ্রহ করা অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ, স্থায়ী আমানত, ফ্লোর ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বরের নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, ইউনিয়ন ইন্স্যুরেন্সের সম্পদ পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হচ্ছে ১৬ টাকা ২ পয়সা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৯৩ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
ইউনিয়ন ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন হচ্ছে ২৯ কোটি ৪ লাখ টাকা, যা আইপিও-পরবর্তী সময়ে ৪৮ কোটি ৪০ লাখ টাকায় উন্নীত হবে।
