হলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী কিরা নাইটলি। সম্প্রতি তার সাক্ষাৎকার নিতে গিয়েছিল বিশ^বিখ্যাত হারপার বাজার সাময়িকী। ঘরের ভেতর অনেক সাক্ষাৎকারই তো দেওয়া হয়েছে, এবার না হয় বাইরেই কথা হোক। লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতেই তাই কথা বলছিলেন তিনি। নারীবাদ ছিল আলাপের অন্যতম বিষয়। কিরা জানালেন, যখন বেড়ে উঠছিলেন, কেউ তাকে বলেননি যে চাইলে তিনি ফুটবলারও হতে পারেন, যেহেতু সেটা ছেলেদের খেলা। নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের এসব ব্যাপারে দেরিতে হলেও সোচ্চার হয়েছিলেন তিনি। বিশ্বের প্রায় সব দেশের নারীই পথে-ঘাটে কমবেশি হয়রানির শিকার হন! এসব নিয়ে কথা বলতে গিয়ে নিজেই হয়রানির শিকার হলেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অভিনেত্রী। এক পথচারী তাকে টিজ করতে থাকে। লম্বা-চওড়া একটা লোক তাদের পিছে পিছে আসতে আসতে বলতে থাকে, ‘তোমাকে খুব পিচ্চি দেখাচ্ছে। এখনো স্কুলে যাও নাকি?’ কিরা কিন্তু দমে যাননি। বরং বিনয়ের সঙ্গে জবাব দিয়েছেন, ‘ধন্যবাদ।’ তবু লোকটি তাদের অনুসরণ করতে থাকে। এ ঘটনায় আগের আলোচনার সূত্র ধরে কিরা বলেন, ‘এ অবস্থার পরিবর্তন দরকার। পরের প্রজন্মের নারীদের জন্য আমাদেরই সেটা করতে হবে।’ ক্যামিল গ্রিফিনের ‘কনসেপশন’ নামের নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন কিরা। আগে এই পরিচালকের ‘সাইলেন্ট নাইট’-এ অভিনয় করেছেন তিনি।
×
