পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই দিনে ভারত-পাকিস্তানের হাইকমিশনার

আপডেট : ২৪ জুন ২০২১, ০২:০৫ এএম

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ও পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী গতকাল বুধবার দুপুরে প্রায় একই সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। দক্ষিণ এশিয়ার বৈরী দুই দেশের কূটনীতিকদের একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায়নি। ভারতের হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুপুরে কাছাকাছি সময়ে সৌজন্য সাক্ষাৎ দুটি অনুষ্ঠিত হয়। প্রথমে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। এর মিনিট ১৫ পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে দেখা করতে যান ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তবে পররাষ্ট্র সচিবের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের আলোচনা শেষ হওয়ার আগেই বিক্রম দোরাইস্বামী পররাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে যান। তারা আরও জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাতের কথা ছিল। কয়েক দিন ধরে সময়সূচি না মেলায় এটি হয়নি। দুপুরে ‘অনানুষ্ঠানিক’ সাক্ষাৎটি হয়েছে। তবে দুজনের মধ্যে কী আলোচনা হয়েছে, এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সার্কের কভিড-১৯ জরুরি তহবিল থেকে বাংলাদেশের একটি বেসরকারি সাহায্য সংস্থাকে চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন ধরনের সামগ্রী দেওয়ার আগ্রহের কথা জানিয়ে গত ডিসেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছিল ঢাকায় পাকিস্তানের হাইকমিশন। ওই প্রস্তাবটি ঝুলে থাকায় তা সুরাহার জন্য পররাষ্ট্র সচিবকে অনুরোধ জানান পাকিস্তানের হাইকমিশনার। বাংলাদেশ বিষয়টি সুরাহার আশ্বাস দিয়েছে। এদিকে বারিধারায় পাকিস্তান হাইকমিশনের জন্য বরাদ্দ হওয়া প্লটের সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা ছিল। এ সপ্তাহে সরকারের সংশ্লিষ্ট একটি বিভাগ তা সুরাহার উদ্যোগ নিয়েছে। এ জন্য পররাষ্ট্র সচিবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন পাকিস্তানের হাইকমিশনার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত