স্কুলছাত্রীসহ সড়কে প্রাণ গেল ৬ জনের

আপডেট : ২৫ জুন ২০২১, ০২:৩০ এএম

দেশের বিভিন্নস্থানে সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্রীসহ ছয়জন নিহত হয়েছে। এর মধ্যে মাগুরা-যশোর সড়কের কাটাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় সুরাইয়া খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে সদরের ছয়চার গ্রামের আসাদুর রহমানের মেয়ে ও সীতারামপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সুরাইয়া স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। কাটাখালী বাজারের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকার গাবতলী পৌঁছার পর তার মৃত্যু হয়।

আরও ৫ জন নিহত : নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক মাসুদ রানা (৩০) ও হেলপার রাসেল (২২) নামে দুই যুবক নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে মান্দা উপজেলার পঞ্চমীতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মাসুদ রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের টেমা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে এবং রাসেল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চকরশিদ গ্রামের বাবর উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে নাহার অ্যাগ্রো গ্রুপের একটি ট্রাক মুরগির বাচ্চা নিয়ে রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। পথে মান্দা উপজেলার পঞ্চমীতলা মোড়ে নওগাঁ থেকে ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুরগির বাচ্চা বহনকারী ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান চালক মাসুদ রানা। এ সময় স্থানীয়রা হেলপার রাসেলকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শফিক মিয়া (৩০) ও জাহিদ হোসেন (৩২)। তারা দুজনই টোটাল ফ্যাশন নামে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এ ছাড়া একই দিন সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জারুলছড়ি নামক স্থানে দুটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে হরিমোহন চাকমা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নারায়ণগঞ্জের ঘটনায় স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গতকাল দুপুরে অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন শফিক ও জাহিদ। মদনপুর এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন ওই দুজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বন্দর থানার ওসি দিপক চন্দ্র সাহা সত্যতা নিশ্চিত করেন।

এদিকে দীঘিনালার ঘটনায় স্থানীয়রা জানান, গতকাল সকাল ৭টার দিকে জারুলছড়ি নামক স্থানে দুটি মাহিন্দ্রার মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা হরিমোহনকে মৃত ঘোষণা করেন। দীঘিনালা থানার ওসি এ কে এম পেয়ার আহম্মেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত