বড় গাছ দিয়ে ঘর সাজিয়েছি

আপডেট : ২৫ জুন ২০২১, ১১:৩৫ পিএম

জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শি নিজের নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত। নিয়মিত কণ্ঠ দিচ্ছেন সিনেমা ও নাটকের গানে। ঈদুল আজহার বিশেষ টিভি অনুষ্ঠানেও দেখা যাবে তাকে। এ তারকার সঙ্গে কথা বলেছেন রণ

এখন সময়...

অনেকেই জানেন, আমি ঘরকুনো মানুষ। স্বাভাবিক সময়েও বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি, আড্ডা দেওয়া খুব একটা হতো না। আমি বের হলে সঙ্গী হিসেবে আম্মুই বেস্ট। আর এখন তো করোনা। ঘরেই থাকি। গান নিয়ে নতুন নতুন আইডিয়া করতে থাকি। দেশি-বিদেশি গান শুনি। আজকাল এড শিরান, বিলি আইলিশ আর হরাইজনের গান খুব শুনছি। আমার মনে হয়, তাদের গানের প্রতিটি শব্দ আমি অনুভব করতে পারি। আরও অনেকে অনেক বিখ্যাত, কিন্তু এই শিল্পীদের গানে আমার টেস্ট খুঁজে পাই। আমি সবসময় অনুভূতিগুলোকে সরাসরি বলার চেয়ে একটু অব্যক্ত ভঙ্গিতে বলতে ভালোবাসি। তাদের গানে সেই ব্যাপারটাই পাই। আর ভারতে আমার সবসময় শ্রেয়া ঘোষাল পছন্দ। এর বাইরে নেটফ্লিক্স, টিভি দেখা কোনোটাই উপভোগ করি না। ঘুমাতে খুব ভালোবাসি।

গাছপ্রেম...

আমার গাছ খুব ভালো লাগে। ছোট গাছের চেয়ে বড় গাছ বেশি ভালো লাগে। তাই বড় বড় গাছে আমার ঘরটা সাজিয়েছি। ঘরে ঢুকলেই গাছ আর মাটির একটা মিশ্র গন্ধ পাই। কদিন আগেই একটা থাই ট্রি কিনেছি। ঘরের বেশিরভাগই বড় পাতাবাহার। কিছু গাছ একেবারে মেঝে থেকে সিলিং পর্যন্ত। বাড়িতে মা কামিনী ফুলের গাছ এনেছে। রাতে কামিনীর গন্ধে পুরো ঘর ম-ম করে।

পড়াশোনা...

আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ম্যাস কমিউনিকেশনে পড়ছি। তবে সাবজেক্টটা খুব একটা উপভোগ করছিলাম না। তাই ঠিক করেছিলাম বিষয় বদলে ইংরেজি সাহিত্যে পড়ব। কিন্তু করোনা চলে আসায় দুটি বছর পেছনে পড়ে রইলাম। এখন দোলাচলে আছি, কোন বিষয়ে গ্র্যাজুয়েশনটা শেষ করব।

নতুন গান...

কিছুদিন আগেই আমার আর ইমরানের দ্বৈত কণ্ঠে গাওয়া ‘এক দেখায়’ গানটির বড় আয়োজনে মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। গানটির জন্য অনেক সাড়া পেয়েছি। তাহসান আর মেহজাবিন অভিনীত একটি নাটকের গানও বেরিয়েছে। এখন নতুন গানের কাজ করছি। কোরবানির ঈদের পর গানটি প্রকাশ করব। এটিও একটি ডুয়েট গান হবে। তবে এখনই সহশিল্পীর নাম বলতে চাই না। গানের কথা, সুর আমার। লেখার ব্যাপারে রবিউল ইসলাম জীবন বেশ সাহায্য করেছেন। মিউজিক করছেন নাভেদ। এছাড়া সম্প্রতি কয়েকটি সিনেমায় গান করেছি। ঈদুল আজহায় আরটিভি ও বিজয় টিভিতে আমার অনুষ্ঠান দেখা যাবে। আরও একাধিক টিভি চ্যানেলে কথা চলছে।

শিল্পচর্চা...

আমার গর্ব, আমি একজন শিল্পী। শিল্পীর কাছে তার শিল্পটাই প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। শুধু টাকা আয়ের উৎস হিসেবে গান করলে তা কখনো ভালো হয় না। আমার গানের প্রথম উদ্দেশ্য থাকে শৈল্পিক সত্তার তৃপ্তি। এরপর শ্রোতাদের সাড়া কিংবা অর্থ আয়ের বিষয়টি আসে। দরকার হয় তিন-চার মাস পর একটি গান করব, তারপরও যেন ভালো গান নিয়ে আসতে পারি সেই চেষ্টা করি। কখনই চাই না আমার গান, কোনো কথা কিংবা আচরণে ভক্তরা যেন হতাশ না হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত