পর্দা নামল স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের

শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘আশ্রয়’ ও ‘হাউসের ধুয়া’

আপডেট : ২৬ জুন ২০২১, ১২:১২ এএম

পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে ‘তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব’। গতকাল শুক্রবার অনলাইন প্লাটফর্মে উৎসবের সমাপনী অনুষ্ঠান হয়। এ বছর স্বল্পদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে সারা বিনতে আফজলের ‘আশ্রয়’, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ‘শব্দের ভেতর ঘর’-এর জন্য ফুয়াদুজ্জামান ফুয়াদ, বিশেষ জুরি পুরস্কার পেয়েছে পরিচালক মেহেদী হাসান শামীমের ‘দ্যা ক্রিমেশন’ এবং অপরাজিতা সংগীতার ‘রিভোল্ট (দ্রোহ)’।

প্রামাণ্য চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘হাউসের ধুয়া’। পরিচালক মো. রাসেল রানা (দোজা), শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতার পুরস্কারও পেয়েছেন তিনি। এছাড়া বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন ফরিদ আহমদের ‘আনতারা’। অন্যান্য বিভাগে শ্রেষ্ঠ চিত্রগ্রহণ ‘শব্দের ভেতর ঘর’ চলচ্চিত্রের জন্য ফুয়াদুজ্জামান ফুয়াদ, শ্রেষ্ঠ সম্পাদনা ও শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনায় ‘হাউসের ধুয়া’ চলচ্চিত্রের জন্য রাসেল রানা (দোজা)।

শ্রেষ্ঠ চলচ্চিত্র ১ লাখ ২৫ হাজার, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ১ লাখ এবং বিশেষ জুরি পুরস্কার ৫০ হাজার, শ্রেষ্ঠ চিত্রগ্রহণ ২৫ হাজার, শ্রেষ্ঠ সম্পাদনা ২৫ হাজার, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা ২৫ হাজার, শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পনায় ২৫ হাজার টাকা ও সম্মাননা স্মারক পুরস্কার দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী, বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের সভাপতি ফরিদুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, স্বাগত বক্তব্য দেন একাডেমি নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক আফসানা করিম।

চলচ্চিত্র সিলেকশন কমিটিতে ছিলেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, চলচ্চিত্র নির্মাতা সাজ্জাদ জহির, চলচ্চিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক রাকিবুল হাসান, চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি এবং শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক চাকলাদার মোস্তাফা আল মাস্উদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত