মিথ্যা মামলায় ২৬ বছর জেল খেটে মুক্ত

সেলাই মেশিন পেলেন সেই পেয়ারা আক্তার

আপডেট : ২৬ জুন ২০২১, ১২:১৮ এএম

চাচাতো বোনকে পানিতে ফেলে হত্যার মিথ্যা মামলায় ২৬ বছর জেল খাটেন পেয়ারা আক্তার। চার বছর আগে মুক্তি পেলেও অভাবে বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। পেয়ারা পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী গ্রামের মৃত আনিস মৃধার মেয়ে।

বিষয়টি জানতে পেরে বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার পেয়ারা আক্তারের পাশে দাঁড়ান। গত বৃহস্পতিবার সকালে তিনি সমাজসেবা কার্যালয়ের সহায়তায় অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির পক্ষ থেকে পেয়ারাকে একটি সেলাই মেশিন উপহার দেন। পাশাপাশি তাকে একটি চাকরিরও আশ্বাস দেওয়া হয়।

পেয়ারা আক্তার ছাড়াও এদিন জেলা প্রশাসক হত্যাসহ বিভিন্ন মামলায় কারামুক্ত বরিশালের হিজলা উপজেলার মৃত আবুল কালামের ছেলে মো. আবদুর রহমানকে ভ্যানগাড়ি, শহীদ মোল্লার স্ত্রী খালেদা বেগম ও বরিশাল নগরীর আবুল সিকদারের মেয়ে আশা আক্তারকে সেলাই মেশিন উপহার দেন।

এ সময় তিনি বলেন, ‘কেউই অপরাধী হয়ে জন্মায় না। কৃতকর্ম আবার কেউ কেউ বিনা অপরাধে জেলে আসে। ২৬ বছর পেয়ারা জেল খেটেছেন। এখন আমরা তার থাকা ও নিরাপত্তার ব্যবস্থা করছি।’

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার দাস, জেলা প্রশাসন কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত