নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে : ফখরুল

আপডেট : ২৬ জুন ২০২১, ০২:২৯ এএম

আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসে দেশের গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সব নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে এখন চরম দুঃসময় চলছে। রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার তারা সরকারি জুলুমের শিকার হয়ে কেউ গুম হচ্ছেন, কেউ পঙ্গু হচ্ছেন, আবার কেউ কেউ চিরদিনের জন্য হারিয়ে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সম্পূর্ণ অসত্য ও বানোয়াট মামলায় প্রতিহিংসামূলক সাজা দিয়ে কারাবন্দি করে তার ওপর রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানো হয়েছে। কারাবন্দি অবস্থায় সুচিকিৎসার অভাবে তার জীবনকে সংকটাপন্ন করে তোলা হয়েছে। তার সুচিকিৎসার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। তার সুস্থতার জন্য বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও সরকার বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এটা সরকারের প্রতিহিংসা ও চরম নির্যাতনের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।’

বাংলাদেশসহ বিশ্বের নির্যাতিত ব্যক্তি, গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন ‘যুগে যুগে মানুষ বিভিন্ন রাষ্ট্রের স্বৈরশাসক, নিষ্ঠুর একনায়ক ও একদলীয় শাসনের দ্বারা নির্যাতিত হয়েছে এবং এখনো হচ্ছে। এখনো বিশ্বব্যাপী কোনো না কোনো অঞ্চলে ভাষা, বর্ণ, জাতি ও সম্প্রদায় নিয়ে সংঘাত চলছে। রাজনৈতিক ভিন্নমতের ওপর অসহিষ্ণু শাসকরা চালাচ্ছে নির্দয় অত্যাচার। জনগণের ভোটের অধিকার  কেড়ে নিয়ে নির্বাচনের নামে প্রহসন ও তামাশা চলছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বিশ্বব্যাপী করোনার ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যেও বাংলাদেশে বিএনপি নেতাকর্মীসহ ভিন্নমত  পোষণকারীদের বিরুদ্ধে গুম, মিথ্যা মামলা ও গ্রেপ্তারের হিড়িক  থেমে থাকছে না। বরং সরকারের জুলুমের গতি আগের মতোই চলমান আছে। জাতির সব অর্জন ও এগিয়ে যাওয়া এখন অন্ধকারে হারিয়ে যেতে বসেছে। জুলুম-নির্যাতনের ধারাবাহিকতায় গণতন্ত্রের ওপর সর্বোচ্চ আঘাত হানা হচ্ছে। এই নৈরাজ্যের অমানিশা আমাদের দূর করতেই হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত