বসুন্ধরার জয়ে গোল পেলেন ‘বাংলাদেশি’ কিংসলে

আপডেট : ২৬ জুন ২০২১, ১১:২৩ পিএম

ম্যাচের আগে থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন এলিটা কিংসলে। বাংলাদেশি মেয়ে লিজাকে বিয়ে করা এই নাইজেরিয়ান ফরোয়ার্ড গত মার্চে বাংলাদেশের নাগরিকত্ব পান। এ মাসের শুরুর দিকে হাতে পান পাসপোর্ট। ২০১১ সাল থেকে বাংলাদেশের লিগে খেললেও এদিন বসুন্ধরা কিংসের হয়ে তাই অন্যরকম ‘অভিষেক’ হলো তার।

এ অভিষেক বাংলাদেশি ফুটবলরার হিসেবে। উপলক্ষটা নিজে গোল করে স্মরণীয়ও করে রাখলেন ৩১ বছর বয়সী তারকা। ‘কিংসলে’ময় ম্যাচটায় তার দল বসুন্ধরা কিংসও হেসেছে। টেবিলের শীর্ষস্থান ধরে রেখে এগিয়ে চলা দলটা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়েছে ২-১ গোলে।

সুবাদে ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো শক্ত হলো কিংসদের। প্রথম পর্বে বসুন্ধরার কাছে ০-৩ গোলে হারা রহমতগঞ্জের পয়েন্ট ১৪। টেবিলে নবম স্থানে রয়েছেন পুরান ঢাকার দলটি।

এদিন প্রথম একাদশে খেলতে নামা কিংসলে ২৯ মিনিটে গোল করে এগিয়ে দেন বসুন্ধরাকে। তবে ১০ মিনিটের মধ্যে সমতায় ফিরে রহমতগঞ্জ। গোলে করেন রেমি। যদিও প্রথমার্ধেই ব্যবধান ২-১ করে ফেলে শক্তিশালী বসুন্ধরা। ৪৪ মিনিটে জোনাথনের ফ্রি-কিক থেকে হেডে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরা।

কিংসলেকে এদিন ৫৯ মিনিট পর্যন্ত খেলিয়েছেন বসুন্ধরা কোচ। দ্বিতীয়ার্ধে চার খেলোয়াড়কে বদলি নামান তিনি। যাদের মধ্যে ছিলেন ইংল্যান্ডে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার মাহাদী ইউসুফ খান।

ক’দিন আগেই বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হওয়া ফিনল্যান্ডপ্রবাসী তারিক রায়হান কাজীও বদলি হিসেবে মাঠে নামেন। তবে শেষ দিকে অশোভন আচরণের দায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। অবশ্য আসরে টানা অষ্টম জয় নিয়ে মাঠ অসুবিধা হয়নি বসুন্ধরার।

আন্তর্জাতিক ফুটবলের জন্য দেড় মাসের বিরতি শেষে এ ম্যাচ দিয়ে মাঠে ফিরল প্রিমিয়ার লিগ। রবিবার ১৭তম রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত