রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘বিগ বস’ এর ৬ সক্রিয় সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টায় র্যাব-১ এর একটি দল উত্তরা-পূর্ব থানার আইচি হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করে। তারা হলো- বাহাউদ্দিন হাসান শাওন (২০), শাকিল (২০), রিফাত হোসেন (২১), আব্দুল আহাল মামুন (২৫), সাইফুল ইসলাম রিফাত (১৮) ও রাব্বী (১৮)। তাদের কাছ থেকে একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি, চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, বর্তমান সময়ে কিশোর গ্যাং, গ্যাং কালচার এবং উঠতি বয়সী কিশোররা ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াচ্ছে। ক্ষমতা দেখাতে তারা মারামারি করে। এমনকি তারা অনেক সময় খুন করতেও দ্বিধাবোধ করে না।
এদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ইমদাদুল হক ওরফে স্বপন ওরফে বুদেন স্বপনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩ এর একটি দল। তার কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড অ্যামুনেশন, একটি সাইলেন্সার, নয়টি সিমকার্ড এবং ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
