বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র। টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার। তবে কবে নাগাদ সেই টিকা বাংলাদেশে এসে পৌঁছবে সে ব্যাপারে দেশটি কিছু জানায়নি।
গতকাল শনিবার এক টুইটে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, মার্কিন জনগণ গ্যাভির মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ করোনার টিকা দেবে। কোভ্যাক্সের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে টিকার সরবরাহ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।’
এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমাদের চিঠি দিয়ে জানিয়েছে যে, তারা কোভ্যাক্স থেকে আমাদের জন্য মডার্নার ২৫ লাখ টিকা বরাদ্দ দিয়েছে। আগামী ৮-১০ দিনের মধ্যেই সেই টিকা পেয়ে যাব। এ ব্যাপারে সব ফর্মালিটিজ শেষ করে পাঠাতে বলেছে। আমরা সব কাগজপত্র পাঠিয়েছি। আশা করছি সংস্থাটি সময়মতোই টিকা পাঠাবে। কোভ্যাক্স থেকে দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ হিসেবে প্রায় ৭ কোটি ডোজ টিকা দেওয়ার কথা।
মন্ত্রী আরও বলেন, এ ছাড়া চীনের সঙ্গে যে দেড় কোটি সিনোফার্ম টিকার চুক্তি হয়েছে, আশা করছি সেটাও শিগগির পেয়ে যাব। তাদের সঙ্গে আলোচনা করে এমনটাই মনে হয়েছে। আমরা টিকার জন্য অপেক্ষা করছি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মডার্নার টিকা ১৮ বছর বা তার বেশি বয়সের মানুষকে দেওয়া যায়। প্রত্যেককে এই টিকা দুই ডোজ করে দিতে হয়। প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দিতে হবে দ্বিতীয় ডোজ। ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মডার্নার টিকা সংরক্ষণ করতে হয়। এর আগে গত ৩১ মে কোভ্যাক্স থেকে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি ১ লাখ ৬২০ ডোজ ফাইজার টিকার চালান দেশে এসেছে।
উল্লেখ্য, কোভ্যাক্স মাধ্যমে এবং সরাসরি বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের বরাদ্দ হওয়া ৩ কোটি টিকার তালিকায় বাংলাদেশ রয়েছে। গত ২২ জুন হোয়াইট হাউজ করোনার টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৮ দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে নুতন করে ১ কোটি ৬০ লাখ টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে। এ ছাড়া বিশ্বের আরও ৩০টি দেশ ও জোটকে যুক্তরাষ্ট্র সরাসরি যে ১ কোটি ৪০ লাখ টিকা দেবে সেই তালিকায়ও রয়েছে বাংলাদেশের নাম। গত ৩ জুন হোয়াইট হাউজ আড়াই কোটি টিকা বণ্টনের ঘোষণা দেয়। তাতেও এশিয়ার দেশগুলোর জন্য যে ৭০ লাখ টিকা দেওয়ার তথ্য জানায় সেখানেও বাংলাদেশের নাম আছে।
