পটুয়াখালীর কলাপাড়ায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিমকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।
কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শোভন ক্যারিয়ারের আদালত রবিবার (২৭ জুন) প্রধান শিক্ষক আবদুর রহিমের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরণের এ আদেশ দেন। একই আদেশে আদালত মামলার অপর দু’আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
এর আগে আবদুর রহিম অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় ১৭ ডিসেম্বর ২০২০ বাদীর সঙ্গে আপস শর্তে আদালতের অনুকম্পায় জামিন লাভ করেন। দীর্ঘদিনেও বাদীর সঙ্গে আপস না করায় রবিবার ধার্য তারিখে মামলাটি কার্য তালিকায় এলে আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
প্রসঙ্গত, প্রধান শিক্ষক আবদুর রহিম, তার ভাই ফারুক ও ভাতিজা হালিমসহ পরিবারের পাঁচজন কুয়াকাটার ব্যবসায়ী মিলন হাওলাদার ও তার ব্যবসায়ী বন্ধু আবদুস সোবাহানের কাছ থেকে ২০১৬ সালের ২০ আগস্ট লতাচাপলি মৌজার ৪০ শতাংশ জমি বিক্রির জন্য ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে ১৩ লাখ টাকা গ্রহণ করেন। এরপর দীর্ঘদিনেও পাওনা টাকা ও তার অনুকূলে উক্ত পরিমাণ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করে না দেওয়ায় বাদী মহিপুর থানা পুলিশ ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি কলাপাড়া ইউএনওকে বিষয়টি জানান। এরপরও কোনো ফয়সালা না পাওয়ায় ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি আদালতে মামলা দায়ের করেন বাদী।
আদালত মামলার অভিযোগের বিষয়ে কলাপাড়া সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০২০ সালের ১৪ ডিসেম্বর আদালত আ. রহিমসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
