আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সরকারি ঘোষণা প্রত্যাহার না করা হলে রাজধানীসহ সারা দেশ অচল করার হুমকি দিয়েছেন শ্রমিক নেতারা। গতকাল রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দিয়েছেন তারা। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কার্যালয় অভিমুখে যাওয়ার পথে গুলিস্তানের নুর হোসেন চত্বরে পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে সেখানে ফের সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর সমাবেশ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি জমা দেয় চার সদস্যের একটি প্রতিনিধিদল।
সমাবেশে বক্তারা বলেন, ‘করোনা মহামারীতে লাখ লাখ মানুষ তার রুটি-রুজির বন্দোবস্ত করতে হিমশিম খাচ্ছে। এরই মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ঘোষণার মাধ্যমে নতুন করে আরও লাখ লাখ মানুষকে জীবিকা উপার্জনে বিপদের সম্মুখীন করা হয়েছে। সরকার ব্যবসায়ীদের স্বার্থ দেখতে গিয়ে শ্রমজীবী সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে।’
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল্লাহ কাফি বলেন, ‘বিদেশ থেকে নতুন ধরনের রিকশা আমদানির প্রস্তুতি সরকার নিচ্ছে। এ কারণেই ব্যাটারিচালিত রিকশা চলাচল বাতিল করা হয়েছে। আর এ ঘোষণার মধ্য দিয়ে তাদের পেটে লাথি মারা হয়েছে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘রিকশার ব্যাটারি চীন থেকে আমদানি করা হয়েছে। যারা আমদানি করেছেন, তাদের ধরা হচ্ছে না কেন?’
