সাদা জার্সি ছেড়ে মেরুন পরেই অন্যরকম উইন্ডিজ। দুই টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে বাজেভাবে হারা ক্যারিবীয়রা দারুণ এক জয়ে টি-২০ সিরিজ শুরু করেছে।
গ্রানাডার সেন্ট জর্জেসে শনিবার গেইল, রাসেল, পোলার্ড এবং ডোয়াইন ব্রাভো প্রায় সাড়ে ৬ বছর পর মেরুন জার্সি গায়ে এক সঙ্গে খেলতে নেমেছিলেন। এই ৪ জন সর্বশেষ একসঙ্গে খেলেছিলেন ২০১৫ সালের ১১ জানুয়ারি। জোহানেসবার্গে সেদিন দক্ষিণ আফ্রিকার ২৩১ রান তাড়া করে জিতেছিল উইন্ডিজ। ৪১ বলে ম্যাচজয়ী ৯০ রান করেছিলেন গেইল।
এবার ১৬১ রান তাড়া করতে নামা উইন্ডিজের হয়ে গেইল ২৪ বলে হার না মানা ৩২ রান করেছেন। রাসেল ১২ বলে করেন অপরাজিত ২৩। এর আগে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে ১৬০ রানে বেঁধে রাখতে এক উইকেট নিয়েছিলেন এক বছর পর দলে ফেরা রাসেল। ৩০ রানে ২ উইকেট নেন ব্রাভো। তবে তাদের ছাপিয়ে জয়ের নায়ক ব্রায়ান লারার দেশ ত্রিনিদাদের এভিন লুইস। ২২ বলে ফিফটি পূর্ণ করা বাঁহাতি ওপেনার ৩৫ বলে ৭১ রান করে জয় এনে দেন। ৪ বাউন্ডারি ছাড়াও ৭টি ছক্কা হাঁকান তিনি। আন্দ্রে ফ্লেচারকে নিয়ে মাত্র ৭ ওভারে ৮৫ রান এনে দেন ওপেনিংয়ে।
বল হাতে দারুণ করেছেন বাঁহাতি স্পিনার ফ্যাবিয়েন অ্যালেন। ওপেনার রেজা হেনড্রিকস (১৭) ও অধিনায়ক টেম্বা বাভুমা (২২)’র উইকেট নেন ৪ ওভারে ১৮ রান খরচায়। প্রোটিয়াদের হয়ে রাসি ফন ডার ডুসেন ৩৮ বলে ৫৬ রান করলে লড়াকু পুঁজি পায় প্রোটিয়ারা। কিন্তু ৫ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় উইন্ডিজ।
