সড়কে প্রাণ গেল ৯ জনের

আপডেট : ২৮ জুন ২০২১, ০২:৩০ এএম

ঢাকাসহ দেশের পাঁচ জেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে যশোর সদর উপজেলায় ট্রাক ও পাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পাবনার ঈশ্বরদীতে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় এক অটোভ্যান যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ছাড়া বরগুনার আমতলীতে সড়ক পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় এক শিশু, ঢাকার সাভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে এক হেলপার ও চট্টগ্রামের সীতাকু-ে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।

বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :

যশোর : সদর উপজেলায় ট্রাক ও পাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে নিমতলী ধোপাখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন প্রাইভেটকার চালক রাফসান চৌধুরী সাদনাম (৩০) ও অপর জনের নাম নাইম (৩০)। বাকি দু’জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে হতাহতরা সবাই চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কুরবানির গরু কিনতে গতকাল একটি প্রাইভেট কার যোগে চট্টগ্রাম থেকে যশোরের শার্শার সাতমাইল পশুহাটের দিকে যাচ্ছিলেন পাঁচজন। পথে দুপুর পৌনে ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নিমতলী ধোপাখোলা নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কার চালকসহ ৩ জন এবং হাসপাতালে নেওয়ার পর অপর একজনের মৃত্যু হয়।

নাভারণ হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

পাবনা : ঈশ্বরদীতে প্রাইভেট কারের ধাক্কায় খোকন বিশ্বাস (৪০) নামে ইঞ্জিনচালিত এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকালে দাশুড়িয়া-মুলাডুলি ইক্ষু খামারসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৯টার দিকে মুলাডুলি বাজার থেকে দু’জন যাত্রী নিয়ে অটোভ্যানটি দাশুড়িয়ার দিকে যাচ্ছিল। পথে দ্রুতগতির একটি প্রাইভেট কার ওভারটেক করতে গিয়ে অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যান যাত্রী খোকনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বরগুনা : আমতলীতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় আবদুল্লাহ (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে আমড়াগাছিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বাবার সঙ্গে দোকানে খাবার কিনতে যায় আবদুল্লাহ। পরে সড়ক পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই আবদুল্লাহর মৃত্যু হয়। আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাভার : ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এর হেলপার নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সাভার হাইওয়ে থানার এসআই আব্দুর রহিম জানান, এ ঘটনায় বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হলেও চালকরা পালিয়ে যায়।

চট্টগ্রাম : সীতাকু-ে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল দুপুর ১২টার দিকে বড়কুমিরা এলাকায় ট্রাকের ধাক্কায় নির্মল দাস (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া একই দিন দুপুরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় সাঈদ হোসেন রনি (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত