হিলি স্থলবন্দর

পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ৬ থেকে ৭ টাকা

আপডেট : ২৮ জুন ২০২১, ০২:৩১ এএম

লকডাউনের খবরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৬ থেকে ৭ টাকা।

সরেজমিন হিলি স্থলবন্দরের আমদানিকারকদের আড়ত ঘুরে দেখা গেছে, সব আড়তেই কমবেশি পেঁয়াজ রয়েছে। তবে আড়তগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ঠিক যেন পেঁয়াজ নিয়ে কাড়াকাড়ি অবস্থা। এক দিন আগেও এই আড়তগুলোতে নিম্নমানের পেঁয়াজ (ছাল ওঠানো) বিক্রি হয়েছে ১৬-১৭ টাকা কেজি দরে। এক দিনের ব্যবধানে সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ২৪ টাকা কেজি দরে। তারপরও পেঁয়াজ নেই এমন অবস্থা। আর যে ভালোমানের পেঁয়াজ এক দিন আগে বন্দরে ২৩-২৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। একইভাবে হিলি বাজারেও খুচরা পেঁয়াজের দাম ২৪-২৫ থেকে বেড়ে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক নাজমুল আলম চৌধুরী বলেন, গতকাল কনসার্নমেন্ট পূর্ণ না হওয়ায় বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হলেও তা খালাস করা যায়নি। কনসার্নমেন্টের বাকি পেঁয়াজ ঢুকলে খালাস হবে। তবে আগের দিনের কিছু ব্যালেন্সড পেঁয়াজ আছে, যা বিক্রি হচ্ছে ২৪-২৫ টাকা কেজি দরে। আর ভালোমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৭-৩০ টাকা কেজি দরে। এ ছাড়া বন্দর দিয়ে স্বাভাবিক গতিতে পেঁয়াজ আমদানি না হতে পারার কারণেই দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে। আর এ কারণে পেঁয়াজের দাম বাড়ছে বলেও দাবি করেন তিনি।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে। তবে আমদানি একটু কম মনে হচ্ছে। শনিবার বন্দর দিয়ে যেখানে ৩৬টি ট্রাকে ১ হাজার ৬ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। গতকাল রবিবার সেখানে ৭টি ট্রাকে ১৮২ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর মধ্যে মাত্র দুই ট্রাক পেঁয়াজ খালাস হয়েছে, বাকি পাঁচ ট্রাক বন্দরে হল্টেজ অবস্থায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত