মুক্তিযুদ্ধের স্মারক

ভারতীয় ট্যাঙ্ক রাখতে বদল হচ্ছে জাদুঘরের নকশা

আপডেট : ২৮ জুন ২০২১, ০২:৪৭ এএম

মুক্তিযুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে তার একটি অংশ স্মারক হিসেবে বাংলাদেশকে উপহার দিচ্ছে ভারত। এ-সংক্রান্ত একটি কর্মসূচির আওতায় ভারতীয় বাহিনীর ব্যবহৃত ট্যাঙ্ক (টি-৫৫) ও যুদ্ধবিমান (এমআইজি-২১) উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত সরকার। কিন্তু সমস্যা বেধেছে ট্যাঙ্ক রাখা নিয়ে। ৩৫ টন ওজনের এই ট্যাঙ্কটি রাখতে জাদুঘরের প্রস্তাবিত ১৩ তলা ভবনের স্থাপত্য নকশায় পরিবর্তন আনার সুপারিশ করেছে এ-সংক্রান্ত একটি কমিটি।

জাতীয় জাদুঘরের আধুনিকায়ন ও অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ প্রকল্পের একটি ডিপিপি প্রস্তুত করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ১৩ তলা ভবন নির্মাণ করা হবে। প্রস্তাবিত ওই ভবনের বেজমেন্টের ছাদে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে ট্যাঙ্কটি স্থাপন করার প্রাথমিক সিদ্ধান্ত হয়। কিন্তু ভারী ট্যাঙ্ক সেখানে রাখা হলে ভবনের ক্ষতি হতে পারে। এই অবস্থায় ট্যাঙ্ক রাখার জন্য স্থাপত্য নকশায় পরিবর্তন আনতে হলে ডিপিপি সংশোধন করতে হবে। ডিপিপি সংশোধনের ব্যবস্থা করার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ।

জাতীয় জাদুঘরের মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘মুক্তিযুদ্ধে ব্যবহৃত ভারতীয় বাহিনীর একটি ট্যাঙ্ক ও একটি যুদ্ধবিমান কোথায় রাখা যায় তার স্থান নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি মনে করে প্রকল্পের আওতায় জাতীয় জাদুঘরের যে ১৩ তলা ভবন নির্মাণ করা হবে তার বেইজমেন্টের ছাদে এগুলো রাখা যায়। কিন্তু বিষয়টি ঝুঁকিপূর্ণ হতে পারে। এ কারণে ডিপিপি সংশোধন করার কথা বলা হয়েছে। ১৩ তলা ভবন নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় নিদর্শন দুটি সাময়িকভাবে জাতীয় জাদুঘরের উত্তর-পশ্চিম পাশে খোলা জায়গার নান্দনিকভাবে উপস্থাপন করা হবে। পরে সেটি সরিয়ে নেওয়া হবে।’

ট্যাঙ্ক ও যুদ্ধবিমান রাখার জন্য গঠিত কমিটিতে ছিলেন স্থপতি শামসুল ওয়ারেস, ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ ও জাদুঘরের ডিজি খোন্দকার মোস্তাফিজুর রহমান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ডিপিপিতে পরিবর্তনের একটি প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জাদুঘর কর্তৃপক্ষকে শিগগিরই জানিয়ে দেওয়া হবে। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এসব স্মারক সরকার জাদুঘরেই রাখতে চায়। ১৩ তলা ভবনের ডিজাইন করেছে ডিকন কিউব। বেসরকারি এ কোম্পানিটিও মনে করে নকশায় পরিবর্তন করে খুব সহজেই ওজনদার ট্যাঙ্কটি সেখানে রাখা যাবে। জাদুঘরে রাখা হলেই অনেক বেশি দর্শনাথী তা দেখার সুযোগ পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত