গীতিকবি হিসেবে সোমেশ্বর অলি খ্যাতিমান। তার লেখা থেকে জন্ম হয়েছে অনেক আলোচিত গানের, কণ্ঠ দিয়েছেন নানা প্রজন্মের শিল্পীরা। অল্প কিছু চিত্রনাট্যে কাজ করলেও গীতিকবিতাই তার ধ্যানজ্ঞান।
সম্প্রতি দারুণ একটি খবর দিলেন জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমাদ্দার। অলি কবিতার অনুপ্রেরণায় নির্মাণ করছেন নাটক।
সঞ্জয় জানান, সোমেশ্বর অলির ‘নিজের শোকসভায় গিয়ে দেখি সবাই হাসছে’ কবিতার অনুপ্রেরণায় নাটকটি নির্মাণ করেছেন।
‘শোকসভা’ নামের নাটকটির চিত্রনাট্য করেছেন ইশতিয়াক অয়ন। এটি প্রচার হবে ঈদুল আজহায়। নাটকের প্রধান দুটি চরিত্রে আছেন অপূর্ব ও মনিরা মিঠু।
কবিতাটি ২০০৮ সালে সামহ্যোয়ারইন ব্লগে প্রথমবার প্রকাশ হয়। দেশ রূপান্তর পাঠকদের জন্য পুরো কবিতাটি তুলে ধরা হলো—
নিজের শোকসভায় গিয়ে দেখি সবাই হাসছে
সোমেশ্বর অলি
নিজের শোকসভায় গিয়ে দেখি সবাই হাসছে।
যার সঙ্গে হ্যান্ডশেক করিনি কখনো
তার হাতে আমার কবিতা-
কিছুটা আবেগ আর কবির প্রয়াণব্যথা নিয়ে
কবিতাটিও হয়েছে প্রদর্শনীর বিষয়
সত্যি,
আমি সবাইকে উৎসবের উঠোনে দেখতে চেয়েছি
আমার সামান্য মৃত্যু তোমাদের সাক্ষাতের শ্রেষ্ঠ
উপলক্ষ হলে- এ স্মরণসভারও হবে অন্য তরজমা...
মৃত্যু একটা গুরুগম্ভীর ব্যাপার,
নিজের মৃত্যুতে নিজেকে কাঁদতে নেই
দ্যাখো,
আমি মুখ কালো করে আছি।
লুৎফর হাসানের কণ্ঠে 'শোকসভা'র আবৃত্তি শুনুন ইউটিউবে:
লুৎফর হাসানের গাওয়া 'ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো' গান দিয়ে আলোচনায় আসেন সোমেশ্বর অলি। এরপর আরও কিছু শ্রোতাপ্রিয় ও প্রশংসিত গান উপহার দিয়েছেন তিনি। এর মধ্যে আছে- আমি না থাকিলে সংসারে, আমি কোনো মুখোশ পরিনি, বুকের বাঁ পাশে, আমার আকাশ পুরোটাই, ভেজা ভেজা চোখ, একটাই তুমি, ছাতার কারিগর, দোযখে যাবি রে তুই মন, জোছনা, শূন্য থেকে আসে প্রেম, আয়না দিয়ে ঘর বেঁধেছি, খরচাপাতির গান, আসো মামা হে প্রভৃতি।
