জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ দাবি করছেন, আওয়ামী লীগের বৃহস্পতি এখন তুঙ্গে। আজকে দেশে কোনো রাজনীতি নেই। রাজনীতির নামে এখন পালা গানের অনুষ্ঠান হয়। সন্ধ্যায় ওবায়দুল কাদের সাহেব এক পালা গান। বিএনপি ওই গান শুনে। এর একটু পরেই টেলিভিশনে ফখরুল ইসলাম আলমগীর সাহেব আরেক পালা গান। আমরা রাজনীতিবিদরা ঘরে বসে টেলিভিশনে পালা গানের রাজনীতি দেখছি। এই পালাগান চলছে দেড় বছর। রাজনীতি শূন্য, কোথাও রাজনীতি নেই।
সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।
কাজী ফিরোজ রশীদ বলেন, প্রত্যেকটা জেলার রাজনীতি দেয়া হয়েছে সচিবদের। প্রধানমন্ত্রী ডিসি সাহেবদের সঙ্গে কথা বলেন, আর এমপিরা পাশে বসে থাকেন দূরে। তারা বলেন, ডিসি সাহেব আমি একটু কথা বলব প্রধানমন্ত্রীর সঙ্গে। এই হচ্ছে রাজনীতিবিদদের অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী যখন ডিসিদের সাথে কথা বলেন তখন এমপিদের কোনো দাম থাকে না।
তিনি বলেন, রাজনীতি না থাকায় রাজনীতির মঞ্চগুলো আস্তে আস্তে ব্যবসায়ীরা দখল করেছে। ব্যবসায়ীদের হাতে তো ব্যবসার চালিকা শক্তি ছিলই। অর্থনীতির চালিকা শক্তি তাদের কাছে। এখন রাজনীতিও তাদের হাতে। এখন দেশ চালাচ্ছে জগৎ শেঠরা, দেশ চালাচ্ছে আমলারা। আমরা রাজনীতিবিদরা এখন তৃতীয় লাইনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। অথচ রাজনীতিবিদরা দেশটা স্বাধীন করেছে। রাজনীতিবিদ ছাড়া ব্যবসায়ীদের মধ্যে পলিটিক্যাল কমিটমেন্ট থাকে না।
