ইনস্টিটিউটে রূপান্তর হচ্ছে রাষ্ট্রায়ত্ত শিশু চিকিৎসা প্রতিষ্ঠান ঢাকা শিশু হাসপাতাল। এ হাসপাতালকে ইনস্টিটিউট করতে সংসদে বিল আনা হয়েছে। এর ফলে চিকিৎসার পাশাপাশি শিশু চিকিৎসা সংক্রান্ত শিক্ষার সুযোগ থাকবে। এজন্য প্রতিষ্ঠানটির দক্ষ ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়ন ও উন্নত সেবা নিশ্চিত করতে এবং গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের জন্য সংসদে বিল আনা হয়েছে।
গতকাল সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ সংক্রান্ত ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল-২০২১’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলের খসড়ায় বলা হয়েছে, শিশুর শারীরিক ও মানসিক উন্নয়নে বিভিন্ন ধরনের পরীক্ষাগার, ব্যায়ামাগার ও শিশু কর্নার থাকবে। এ আইন কার্যকর হওয়ার পর ঢাকা শিশু হাসপাতাল ও বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ এই আইনের অধীনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত হয়ে বলে গণ্য হবে। শিশুদের শারীরিক ও মানসিক সেবা নিশ্চিতকরণ ও মানোন্নয়ের উদ্দেশ্যে সংবিধিবদ্ধ একটি হাসপাতাল ও ইনস্টিটিউট প্রতিষ্ঠা লাভ করবে। এখানে গবেষণাসহ সবরকমের লেখাপড়া হবে।
খসড়া আইনে বলা হয়েছে, ইনস্টিটিউট পরিচালনা বোর্ডের সভাপতি সরকার নিয়োগ দেবে। জাতীয়ভাবে সুনাম অর্জনকারী শিশু চিকিৎসা বিষয়ে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে সভাপতি নিয়োগ দেবে সরকার। ইনস্টিটিউট, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে বিশেষায়িত শিশু চিকিৎসার ওপর স্নাতকোত্তর বা স্নাতকোত্তর ডিপ্লোমা ও মেডিকেল টেকনোলজির বিষয়ে স্নাতক ও ডিপ্লোমা কোর্স পরিচালনা করতে পারবে। এছাড়াও কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে বিভিন্ন কোর্স পরিচালনা করতে পারবে। এছাড়া শিশু স্বাস্থ্য বা মাতৃস্বাস্থ্য এ সংক্রান্ত সার্টিফিকেট বা প্রশিক্ষণ পরিচালনা করতে পারবে।
