এলএসডি মামলায় বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী রিমান্ডে

আপডেট : ২৯ জুন ২০২১, ০৩:১৩ এএম

রাজধানীতে ‘এলএসডি’ ও ‘ডিএমটি’ দুই ধরনের মাদকসহ গ্রেপ্তার হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত এ আদেশ দেয়। এর আগে আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মো. সানাউল হক।

এদিকে আসামিপক্ষের মাসুদ আহমেদ তালুকদার ও প্রাণনাথসহ কয়েকজন আইনজীবী আসামিদের রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দিয়ে আসামিদের মধ্যে সৈয়দ মঈন উদ্দিন আহমেদ ওরফে শাদাব ও স্বপ্নীল হোসেনের দুই দিন এবং আব্রাহাম জোনায়েদ ও সিমিয়ন খন্দকারের এক দিন করে রিমান্ড মঞ্জুর করে।

এদিন তদন্ত কর্মকর্তা তার আবেদনে বলেন, আসামিরা সংঘবদ্ধ অবৈধ মাদক ব্যবসায়ী। তারা ভয়ঙ্কর মাদকদ্রব্য ডিএমটি-এলএসডি ও গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত