লকডাউনের কারণে আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয় ক্যাম্পাস থেকে ৭ বিভাগের উদ্দেশে ১৫টি বাস ছেড়ে গেছে। গতকাল সোমবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় থেকে ক্রমান্বয়ে সব কটি বাস ছেড়ে যায়।
ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এবং ভাড়া করা বাসে করে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দিতে রওনা করেছে ১৫টি বাস। বিষয়টি নিশ্চিত করেছে পরিবহন প্রশাসক ড. আরিফুর রহমান।
লকডাউনে সড়কে বাস চলাচলে যেন কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, সে জন্য ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এবং পুলিশ সুপারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান। বিশ^বিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থীদের বাড়ি পৌঁছানো কার্যক্রমে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছে বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগ।
