ম্যালেরিয়ার প্রকোপ বান্দরবান ভ্রমণে সতর্কতা

আপডেট : ২৯ জুন ২০২১, ০৩:৩০ এএম

ম্যালেরিয়ায় সর্বোচ্চ সংক্রমিত বান্দরবানে ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর থেকে বলা হয়েছে, এই বছরের মে মাস থেকে দেশের পার্বত্য জেলাগুলোতে ম্যালেরিয়া রোগের প্রকোপ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রকোপ বান্দরবান জেলায়। তাই এইখানে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

গতকাল সোমবার ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন এই সতর্কতার আহ্বান জানান। তিনি বলেন, বান্দরবানকে ম্যালেরিয়ার জন্য সবচেয়ে সংক্রমিত এলাকা বলা হচ্ছে। কারণ পার্বত্য জেলাগুলোতে যত রোগী পাওয়া গেছে তার ৭৫ শতাংশই বান্দরবান জেলায়। সারা দেশ থেকে এই জেলায় দেশি বিদেশি পর্যটকরা আসেন। তাই সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। কারণ এই বছর দুজন রোগী তীব্র ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বছর  মৃত্যু ছিল শুধু একজন, অথচ এ বছর ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তাই সবাইকে সাবধানতার সঙ্গে ম্যালেরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।

অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে। এই বছরের মে মাসে শুধু বান্দরবানে ২৬০ জন রোগী পাওয়া গেছে। এই বছরে জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫৩৫ জন ম্যালেরিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। মে মাসেই মোট ৩২৩ জন ম্যালেরিয়া রোগী পাওয়া গেছে, যার মধ্যে বান্দরবানে ২৬০ জন, রাঙ্গামাটিতে ৪১ জন, খাগড়াছড়িতে ৫ জন, চট্টগ্রামে ৩ জন ও কক্সবাজারে ১৪ জন। যদিও প্রকোপ গত বছর বা তার আগের বছরের থেকে কম, কিন্তু গত বছরের এই সময়ের তুলনায় ১১ শতাংশ বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত