মিরসরাইয়ের সেই প্যানেল মেয়র রাজু গ্রেপ্তার

আপডেট : ২৯ জুন ২০২১, ০৩:৩৮ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে আজিম হোসেন শাহাদাত হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মিরসরাই পৌরসভার ৪ নন্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গত শনিবার

রাতে আজিম হোসেনের বাবা আবদুল বাতেন বাদী হয়ে কাউন্সিলর শাখের ইসলাম রাজু, তার সহযোগী তারেক, ফরিদ ও জাহিদকে আসামি করে একটি মামলা করেন। গত শুক্রবার রাতে মিরসরাই পৌরসভার হোপ মা ও শিশু হাসপাতালে পিটিয়ে হত্যা করা হয় আজিম হোসেনকে। আজিমের বাবার অভিযোগ, রাজু ও তার সহযোগীরা ছেলেকে পিটিয়ে আহত করে তার হাতে তুলে দেয়। ফেনী নেওয়ার পথে তার ছেলে মারা যান। শাহাদাত ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর এলাকার আবদুল বাতেনের ছেলে।

জানা গেছে, দেড় বছর ধরে আজিমের সৎমা কাউন্সিলর রাজুর বাসায় গৃহকর্মীর কাজ করছেন। বাবা আবদুল বাতেন মিরসরাইয়ে মিস্ত্রির কাজ করেন। তারা দীর্ঘসময় ধরে মিরসরাই পৌরসভার জিন্নাহর দীঘির পাড় এলাকার আমজাদ মেম্বার বাড়ির নুর হোসেনের ঘরে ভাড়া থাকতেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, আজিম হত্যার ঘটনায় তার বাবা মামলা করার পর থেকে পুলিশ আসামিদের ধরতে অভিযান শুরু করে। মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমরা মামলার প্রধান আসামি শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করতে পেরেছি। অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত