হাইকোর্টের আদেশ আপিল বিভাগে বাতিল

এনটিআরসিএ’র নিয়মেই ২৫০০ জনকে নিয়োগ

আপডেট : ২৯ জুন ২০২১, ০৩:৪৪ এএম

এনটিআরসিএ’র (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষ) ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে হাইকোর্টে রিট আবেদনকারী ২ হাজার ৫০০ জনকে নিয়োগের সুপারিশ সংক্রান্ত হাইকোর্টের আদেশটি বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এনটিআরসিএ’র বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুল খারিজ করে গতকাল সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেয়। ফলে ২ হাজার ৫০০ জনকে এনটিআরসিএ কর্র্তৃপক্ষ থেকে তাদের নিয়ম অনুযায়ী নিয়োগ দিতে আর  কোনো বাধা নেই বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

ভার্চুয়ালি এনটিআরসিএ’র পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান, এম কে রহমান, মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও মহিউদ্দিন মো. হানিফ ফরহাদ।

এর আগে গত ৩১ মে এনটিআরসিএ কর্র্তৃপক্ষ কর্র্তৃক ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে হাইকোর্টে রিট আবেদনকারী ২ হাজার ৫০০ জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে ৫৪ হাজার নিবন্ধনধারীকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে এনটিআরসিএ’র জারি করা গণবিজ্ঞপ্তি স্থগিতের আদেশ প্রত্যাহার করে আদালত। পরে এনটিআরসিএ’র আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২২ জুন ২ হাজার ৫০০ জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ সংক্রান্ত হাইকোর্টের আদেশটি স্থগিত না করে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয় চেম্বার আদালত।

আইনজীবীদের তথ্যমতে, এনটিআরসিএ’র নিবন্ধন সনদ থাকার পরও নিয়োগ বঞ্চিত ১৭ হাজার ২০০ প্রার্থীর পক্ষে ১৬৬টি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গত বছরের ১৫ ডিসেম্বর শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র বিজ্ঞপ্তির ওপর  নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। এর আগে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর সংশ্লিষ্ট বিষয়ে হাইকোর্টের রায়ের কয়েক দফা নির্দেশনার মধ্যে ৫ নম্বর নির্দেশনায় সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারী এবং অন্যান্য আবেদনকারীকে নিয়োগের কথা বলা হয়। দীর্ঘ সময়েও রায় বাস্তবায়ন না করায় রিট আবেদনকারীদের মধ্যে প্রায় ২ হাজার ৫০০ জন এনটিআরসিএ চেয়ারম্যানের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন। ২০১৯ সালের ১৪ জানুয়ারি এনটিআরসিএ চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত