রপ্তানি উন্নয়ন তহবিলে আরও ৫০ কোটি ডলার

আপডেট : ২৯ জুন ২০২১, ১০:৪৯ পিএম

রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আকার আবারও বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ক্রমাগত চাহিদা বাড়তে থাকায় এ তহবিলের আকার ৫৫০ কোটি ডলার থেকে বাড়িয়ে ৬০০ কোটি ডলার করা হয়েছে। অর্থাৎ এ তহবিলের সঙ্গে যুক্ত হয়েছে আরও ৫০ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত মার্চে রপ্তানি উন্নয়ন তহবিলে যোগ হয় ৫০ কোটি ডলার। সে সময় এ তহবিলের আকার ছিল ৫০০ কোটি ডলার। গত বছরের এপ্রিলে কভিড-১৯ পরিস্থিতিতে এ তহবিলের আকার ৩৫০ কোটি ডলার থেকে বাড়িয়ে ৫০০ কোটি ডলার করা হয়।

এছাড়া গত বছরের অক্টোবরে ইডিএফ থেকে ঋণের সুদহার শূন্য দশমিক ২৫ শতাংশ কমানো হয়েছে। ওই সময় থেকে এখনো এ তহবিল থেকে ১ দশমিক ৭৫ শতাংশ সুদে ঋণ পাচ্ছেন রপ্তানিকারকরা। করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এ সুবিধা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখতে বৈদেশিক মুদ্রায় স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার লক্ষ্যে ১৯৮৯ সালে এডিবির অর্থায়নে রপ্তানি উন্নয়ন তহবিল গঠিত হয়। মাত্র ৩৮ লাখ ৭২ হাজার ডলার নিয়ে এ তহবিলের যাত্রা শুরু হয়। ২০০৫ সালে এটি ১০ কোটিতে উন্নীত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে ইডিএফ থেকে ১ হাজার ৬৭০ জন রপ্তানিকারক ঋণ নিয়েছেন। এ তহবিল তাদের ঋণের পরিমাণ ৪৯২ কোটি ১০ ডলারের ঋণ নিয়েছেন। বিজিএমইএর সদস্যদের মধ্য থেকে ৬১৩টি প্রতিষ্ঠান, বিটিএমএর ২৫৪টি প্রতিষ্ঠান, বিকেএমইএ ২০২টি প্রতিষ্ঠান, ডাইং ইয়ার্নের ১১১টি, প্যাকেজিংয়ের ১৪৫টি, চামড়া শিল্পের ২০টি, প্লাস্টিক শিল্পের ১৭টি এবং অন্যান্য খাতের ৩০৮টি প্রতিষ্ঠান ইডিএফ ফান্ড থেকে ঋণ নিয়ে ঋণপত্র (এলসি) খুলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত