শুদ্ধাচার পুরস্কার পেলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চেয়ারম্যান

আপডেট : ২৯ জুন ২০২১, ১০:৫১ পিএম

গত সোমবার ২৮ জুন ২০২১ খাদ্য মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার। দাপ্তরিক কাজে পেশাগত দক্ষতাসহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় শুদ্ধাচার নীতিমালা ২০১৭’র অধীনে তিনি এ পুরস্কারের জন্য মনোনীত হন। পুরস্কার প্রদানকালে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানুমসহ মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা। পুরস্কার হিসেবে একটি সনদ ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জ্ঞাপন করে মন্ত্রী বলেন, এ ধরনের পুরস্কার সরকারি কর্মচারী-কর্মকর্তাদের কর্মস্পৃহা বাড়াবে এবং অধিকতর দেশসেবার মনোভাব তৈরি করবে।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে মো. আব্দুল কাইউম সরকার বলেন, এ ধরনের পুরস্কারপ্রাপ্তি নিঃসন্দেহে গৌরবের। এ পুরস্কার আমার পথচলাকে আরও মহিমান্বিত করবে এবং বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে কাজ করতে সাহসী করবে। প্রতি বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতার উন্নয়নে ও নৈতিকতার বিকাশে ভূমিকা রাখার জন্য মূলত এ পুরস্কার প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত