করোনা সংক্রমণ বাড়তে থাকায় কাল বৃহস্পতিবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এ সময় ঘর থেকে বের হওয়ার ব্যাপারে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এ অবস্থায় চলমান ঘরোয়া ফুটবল নিয়ে শুরু হয়েছে আশঙ্কা। বাফুফে অবশ্য এই পরিস্থিতিতেও চাইছে খেলাগুলো চালিয়ে নিতে। গতকাল ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সভা শেষে এমন কথাই বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
‘সামনে তিনটি ফিফা উইন্ডো আছে। জাতীয় দলের অনেক ব্যস্ততা। তাছাড়া লিগ বারবার বাধাগ্রস্ত হলে ক্লাব ও খেলোয়াড়রা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ মুহূর্তে প্রিমিয়ার লিগসহ বেশ কয়েকটি লিগ চলছে। সরকারের বিভিন্ন মহলের কাছে আমরা খেলা চালিয়ে নেওয়ার অনুমতি চেয়েছি। আশা করছি বুধবারের (আজ) মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারব।’ সোহাগ শঙ্কা প্রকাশ করে বলেন, ‘গত মৌসুমে আমরা খেলা বাতিল করতে বাধ্য হয়েছিলাম করোনার জন্য। এবার খেলোয়াড় ও ক্লাবগুলোর সঙ্গে সমন্বয় করে লিগ শুরু করতে পেরেছি। খুব ভালোভাবেই প্রিমিয়ার লিগের প্রথমপর্ব শেষ করতে পেরেছি। সব কিছু ঠিক থাকলে আমরা ১০-১২ আগস্টের মধ্যে লিগ শেষ করতে পারব। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগও তিন সপ্তাহের মধ্যে শেষ হবে। তা ছাড়া মেয়েদের লিগটাও শেষদিকে। এখন যদি আমরা খেলা চালাতে না পারি তবে দেশের ফুটবলের জন্য ক্ষতির ব্যাপার হবে। সুতরাং আমরা আশা করছি সরকার আমাদের সব কভিড প্রটোকল মেনে খেলা চালানোর অনুমতি দেবে।’
বারিধারার জয় : গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের একমাত্র খেলায় উত্তর বারিধারা ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। উজবেক ফরোয়ার্ড সাইদোস্তন ফজিলভ বারিধারার হয়ে গোল দুটি করেন। রহমতগঞ্জের হয়ে একমাত্র গোলটি করেন আইভরি কোস্টের ফরোয়ার্ড ক্রিস্ট রেমি।
