যুক্তরাষ্ট্রের করোনার মডার্নার টিকা দেশে আসছে। আগামী ২ ও ৩ জুলাই দুটি চালানে ২৫ লাখ টিকা এসে পৌঁছানোর কথা রয়েছে। প্রথম দিনের চালানটি সকালে এবং দ্বিতীয় চালানটি বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এ সংক্রান্ত ফ্লাইট শিডিউল বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে পৌঁছেছে। করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গতকাল মঙ্গলবার রাতে দেশ রূপান্তরকে মডার্নার টিকা আসার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ফ্লাইট শিডিউল চলে এসেছে। আশা করছি ২ ও ৩ জুলাই টিকা পৌঁছে যাবে।
এদিকে আগামীকাল বৃহস্পতিবার থেকে ফাইজারের টিকা দেওয়া শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ঢাকার সাতটি টিকাদান কেন্দ্রে আগামী বৃহস্পতিবার থেকে এই টিকাদান শুরু হবে। সৌদি আরব ও কুয়েতগামী প্রবাসী শ্রমিকরা ফাইজার-বায়োএনটেকের টিকা পাবেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, ফাইজার টিকার প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। তবে মডার্নার টিকা আসার তারিখ চূড়ান্ত হওয়ায় ফাইজারের টিকা শুরুর ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে। আজ বুধবার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই টিকার ব্যাপারে সরকারের বেশকিছু নির্দেশনা রয়েছে। এটা শুধু ঢাকায় দেওয়া হবে। তাই সেসব নির্দেশনা চূড়ান্তভাবে দেখেশুনে আজ সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সরকারের নির্দেশে এই টিকা কুয়েত ও সৌদি প্রবাসী শ্রমিকদের দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই টিকা নিয়ে গেলে সেখানে কোয়ারেন্টাইন করতে হয় না। এতে শ্রমিকদের অর্থ সাশ্রয় হবে। ঢাকার সাতটি হাসপাতালে এই টিকা দেওয়া হবে। এসব হাসপাতাল হলো, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।
গত ৩১ মে টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে বিনামূল্যে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকা পায় বাংলাদেশ। এই সংখ্যক ডোজ দিয়ে অর্ধ লক্ষ মানুষকে টিকা দেওয়া যাবে।
এর আগে গত সপ্তাহে বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র জানিয়ে এক টুই্ট করেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার। তবে কবে নাগাদ সেই টিকা বাংলাদেশে এসে পৌঁছবে সেদিন এ ব্যাপারে দেশটি কিছু জানাননি। গত শনিবার এক টুইটে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, মার্কিন জনগণ গ্যাভির মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ করোনার টিকা দেবে। কোভ্যাক্সের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে টিকার সরবরাহ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মডার্নার টিকা ১৮ বছর বা তার বেশি বয়সের মানুষকে দেওয়া যায়। প্রত্যেককে এই টিকা দুই ডোজ করে দিতে হয়। প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দিতে হবে দ্বিতীয় ডোজ। ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মডার্নার টিকা সংরক্ষণ করতে হয়। এর আগে গত ৩১ মে কোভ্যাক্স থেকে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি ১ লাখ ৬২০ ডোজ ফাইজার টিকার চালান দেশে এসেছে।
