বিএনপি থেকে কেন্দ্রীয় দুই নেতার পদত্যাগ

আপডেট : ৩০ জুন ২০২১, ০২:০৬ এএম

বিএনপি থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় দুই নেতা। গত সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হানিফ এবং কর্নেল অবসরপ্রাপ্ত শাহজাহান পদত্যাগ করেন। তারা একসঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে কারণ হিসেবে তারা ব্যক্তিগত এবং শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। তবে এ বিষয়ে কিছু জানেন না বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

পদত্যাগের কারণ হিসেবে হানিফ বলেন, ‘ব্যক্তিগত কারণে পদ ছেড়ে দিয়েছেন। বয়স হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি। সোমবার আমি এবং কর্নেল (অব.) শাহজাহান সাহেব একই সঙ্গে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে আমাদের পদত্যাগপত্র জমা দিয়ে রিসিভ করিয়ে এনেছি।’

দল থেকে পদত্যাগ করলেন নাকি রাজনীতি থেকে অবসরে গেলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি থেকে পদত্যাগ করেছি।’

এই দুই নেতার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স কিছু জানেন না বলে দাবি করেছেন।

দলটির নেতারা জানিয়েছেন, পদত্যাগ করতে হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদনের নিয়ম থাকলেও তারা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর আবেদন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত