টেকনাফে সন্ত্রাসীদের হামলায় ৩ ভাই গুলিবিদ্ধ

আপডেট : ৩০ জুন ২০২১, ০৪:৪২ পিএম

কক্সবাজারের টেকনাফে স্থানীয় এক বসতবাড়ীতে ‘রোহিঙ্গা সন্ত্রাসীদের’ হামলায় ৩ ভাই গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

তাদের গুরুতর অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ভোররাত ৩টার দিকে টেকনাফের জাদিমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের পাশে স্থানিয় বাসিন্দা হাবিবুর রহমানের বসতবাড়ীতে এ হামলা চালানো হয়।

গুলিবিদ্ধরা হলেন- টেকনাফের জাদিমুড়া এলাকার হাবিবুর রহমানের তিন ছেলে রহমতুল্লাহ (৩০), সালামতুল্লাহ (২২) ও  মোহাম্মদ হাছন (১৬)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. তারিকুল ইসলাম তারিক জানান, টেকনাফের হ্নীলার জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমানের বসতবাড়ীতে ১২/১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিত হামলা করে। হাবিবুর রহমানসহ তার পরিবারে র লোকজনদের মারধর ও এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

এতে হাবিবুর রহমানের তিন ছেলে গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে তাৎক্ষণিক এপিবিএন এবং টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন।

 আহতরা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি জানান, হামলাকারী রোহিঙ্গা সন্ত্রাসী জাদিমুড়া ২৭নং ক্যাম্পে আশ্রয় নেয়া হাসেমুল্লা, মো. নুরু, আবু তাহের কালু, আব্দুর রহমান বেজি, আজিমুল্লাহ ও শুকুরসহ ১২/১৫ জনকে চিহ্নীত করা হয়েছে।

সন্ত্রাসীদের গ্রেপ্তারে জাদিমুড়া এপিবিএন অফিসার ও ফোর্স কর্তৃক অভিযান অব্যাহত রয়েছে। ক্যাম্প এলাকায় অতিরিক্ত অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত