‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ-খোদা সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে দেশ রূপান্তরকে জানান তার ছেলে সজীব ওনাসিস।
তিনি জানান, ৮১ বছর বয়সী এই গীতিকার দুদিন আগে কোভিড-১৯ পজিটিভ বলে জানতে পারেন। সেই সঙ্গে তার স্ত্রী মাহমুদা সুলতানাও আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সজিব দেশ রূপান্তরকে বলেন, কিছুদিন আগে আমার বড় ভাই করোনা আক্রান্ত হন, পরে আমার বাবা-মাও আক্রান্ত হন। মঙ্গলবার করোনা পজিটিভ হওয়ার খবর আসার পর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়।
বহু কালজয়ী গানের গীতিকার ফজল-এ-খোদা। এর মধ্যে উল্লেখযোগ্য— ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘ভালোবাসার মূল্য কতো, আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘ভাবনা আমার আহত পাখির মতো’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘বউ কথা কও পাখির ডাকে ঘুম ভাঙেরে’, ‘খোকন মণি রাগ করে না’।
১৯৬৩ সালে তিনি বেতারে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। পরের বছর ১৯৬৪ সালে টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন।
ছড়াকার হিসেবে লেখালেখি শুরু করেছিলেন ফজল-এ-খোদা। দেশাত্মবোধক, আধুনিক, লোকসঙ্গীত এবং ইসলামি গান লিখে তিনি প্রশংসা কুড়িয়েছেন।
ঢাকা বেতারের সাবেক এই আঞ্চলিক পরিচালক শিশু-কিশোরদের সংগঠন শাপলা-শালুকের আসরের প্রতিষ্ঠাতা পরিচালক।
১৯৪১ সালের ৯ মার্চ পাবনা জেলার বেড়া থানার বনগ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
