আইএফআইসি ব্যাংকের ৫০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট এবং সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গত বুধবার এসইসির নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।
সাবঅর্ডিনেটেড বন্ডটির কুপন হার সর্বনিম্ন সাড়ে ৭ শতাংশ ও সর্বোচ্চ সিলিং সাড়ে ১০ শতাংশ। বন্ডটি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে আইএফআইসি ব্যাংক টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিট বা লটের অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডটির ট্রাস্টি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
