কঠোর ‘লকডাউনের’ প্রথম দিন গতকাল বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি চালু ছিল। বন্দর ও কাস্টমস হাউজও ছিল সচল। আমদানি হয় ১৮০ ট্রাক ও রপ্তানি ৭০ ট্রাক পণ্য।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, ভারতীয় ট্রাকচালক যাতে বন্দরের বাইরে বের হতে না পারে সেজন্য বিজিবি ও পুলিশ কঠোর অবস্থানে ছিল। বেনাপোল বন্দর এলাকায় বিজিবির দুটি চেকপোস্ট বাড়ানো হয়েছে। তবে বেনাপোলে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বেনাপোলে দীর্ঘ সময় নজরদারি করেছে।
ভারতের সঙ্গে এদিন পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। রেলযোগে বেনাপোল বন্দর দিয়ে ৬০ কনটেইনার সোডিয়াম সালফেট আমদানি হয়েছে। কনটেইনারগুলো নওয়াপাড়ায় যাবে বলে বেনাপোল রেলওয়ের মাস্টার মো. সাইদুজ্জামান নিশ্চিত করেন।
বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব জানান, ‘লকডাউনের’ মধ্যে ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ৪০ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
